
শেষ আপডেট: 30 March 2022 04:40
দ্য ওয়াল ব্যুরো: ভরা মঞ্চে দাঁড়িয়ে মাইক হাতে নিয়ে ভুল জাতীয় সঙ্গীত গেয়ে চললেন তৃণমূল নেত্রী (Contai tmc)। অবলীলায় একের পর ভুল শব্দ উচ্চারণ করে গেলেন, সুরও লাগল না ঠিক মতো। নেতৃস্থানীয় মহিলার এমন গানে বেজায় অস্বস্তিতে পড়েছে শাসকদল।
আরও পড়ুন: মোদীর মুখে নেই মতুয়াদের নাগরিকত্ব, হতাশ ভক্তবৃন্দ, অস্বস্তিতে নেতারা
ঘটনাস্থল কাঁথি, একেবারে শুভেন্দু অধিকারীর খাসতালুক, যেখানে ভোটে হারতে হয়েছে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কেও। এদিন সেই কাঁথিতেই যুব তৃণমূল কংগ্রেসের তরফে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সেই মঞ্চেই এমন ভুলভাল জাতীয় সঙ্গীত গাইতে শোনা গেছে এলাকার তৃণমূল নেত্রী তথা কাঁথি পুরসভার সদ্য নির্বাচিত কাউন্সিলর রিনা দাস।
ঠিক কী ভুল হয়েছে রিনা দাসের গাওয়া জাতীয় সঙ্গীতে? একটি ভিডিও ক্লিপে দেখা গেছে মঞ্চে দাঁড়িয়ে মাইক হাতে ‘জনগণমন অধিনায়ক জয় হে’ গাইছেন রিনা। কিন্তু জাতীয় সঙ্গীতের লিরিক্সে গোলমাল হচ্ছে বারবার। কখনও তিনি বলছেন 'তব শুভ আশিস মাগে, তব শুভ আশিস জাগে', কখনও আবার ‘জনগণ মঙ্গলদায়ক’-এর জায়গায় গাইছেন ‘জনগণমন অধিনায়ক…’। এমনই বারকয়েক জাতীয় সঙ্গীত গুলিয়ে ফেলেছেন রিনা। কিছু কিছু শব্দ উচ্চারণের সময়েও ভুল হয়েছে।
মঞ্চে দাঁড়িয়ে যখন এভাবে অবলীলায় ভুল জাতীয় সঙ্গীত গাইছেন রিনা, তখন তাঁর পাশেই ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি, প্রাক্তন সমবায় মন্ত্রী তথা অধ্যাপক জ্যোতির্ময় করসহ শাসকদলের একাধিক বড় বড় নেতা। সকলেই এমন গানে অস্বস্তিতে পড়েন। কাউকে আবার লজ্জায় জিভ কাটতেও দেখা গেছে।
সূত্রের খবর, রিনা দাস শুধু এলাকার কাউন্সিলরই নন, তিনি পেশায় একজন পার্শ্বশিক্ষিকাও বটে। তাঁর মুখে জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। বিজেপির অনেকেই নানা টিপ্পনী কেটেছেন। এই ভুল গানের ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে। ঠাট্টার বন্যা বয়ে গেছে চারদিকে। এখনও এ নিয়ে রিনা দাসের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।