
শেষ আপডেট: 20 July 2023 11:45
দ্য ওয়াল ব্যুরো, মালদহ: পঞ্চায়েত নির্বাচনের গণনার পরদিন চা খেতে বাড়ির বাইরে গিয়েছিলেন। এরপর আর ফেরেননি। ন'দিন ধরে খোঁজাখুঁজি চালাচ্ছিলেন আত্মীয়রা। বুধবার কালিয়াচক থেকে উদ্ধার হল মালদহের (Maldah) কংগ্রেস নেতার ভাইপোর দেহ (Congress Leader Nephew Death)। এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে কালিয়াচক থানা এলাকার ছাতারগাছি গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম হাবিব খান। মোথাবাড়ি এলাকায় তাঁর বাড়ি।
হাবিবের আত্মীয়রা জানিয়েছে, গণনার পরের দিন হাবিব চা খেতে বাড়ির বাইরে গিয়েছিলেন। তারপর তিনি বাড়িতে ফেরেননি। জায়গায় জায়গায় খোঁজখবর নেওয়ার পর অবশেষে গত ১৫ তারিখ মোথাবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন হাবিবের আত্মীয়রা। এরপরেই হাবিবের আত্মীয়দের কাছে একটি ফোন আসে। সেখানে তিরিশ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ। ছেলেকে ফেরত পেতে সেই টাকা দিতে রাজিও হয়ে যায় ওই যুবকের পরিবার। অপহরণকারীদের কাছে কোথায় আসতে হবে জানতে চান।
হাবিরের পরিবারের অভিযোগ, একাধিকবার বিভিন্ন নম্বর থেকে তাদের কাছে ফোন এসেছিল। কিন্তু কোথায় মুক্তিপণ দিতে যেতে হবে, সে বিষয়ে কিছু জানায়নি অপহরণকারীরা। বুধবার কালিয়াচক থেকে হাবিরের পচাগলা দেহ উদ্ধার হয়েছে।
ভাইপোর এমন মর্মান্তিক পরিণতি নিয়ে কংগ্রেস নেতা মহাতাব খানের অভিযোগ, তৃণমূল প্রতিহিংসা নিতেই এই কাণ্ড ঘটিয়েছে। তিনি কংগ্রেসের সঙ্গে থাকলেও ভাইপো কোনও রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। এই ঘটনাকে কেন্দ্র করে অস্থিরতা তৈরি হয়েছে এলাকায়। তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
মোদীর ‘বেস্ট স্টেট’ সম্মান ফের পেল মমতার বাংলা, এবার স্বীকৃতি কীসে