
শেষ আপডেট: 24 April 2023 07:36
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: জমিতে টাওয়ার বসানোর টোপ দিয়ে পূর্ব বর্ধমানের (East Bardhaman) জামালপুরের এক বাসিন্দার সাড়ে ছ’লক্ষ টাকা (6.5 lakh rupees) হাতিয়ে নেওয়ার অভিযোগ (Complaint)। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম অমৃতাভ বন্দ্যোপাধ্যায়। ধৃতের বাড়ি উত্তর ২৪ পরগনার বিরাটিতে।
পুলিশসূত্রে জানা গেছে, গত বছরের ২৬ এপ্রিল বেলা ১১টা নাগাদ একটি মোবাইল নম্বর থেকে জামালপুরের রেসলাতপুরের বাসিন্দা হায়দার আলির কাছে একটি ফোন আসে। একটি বেসরকারি মোবাইল সংস্থার প্রতিনিধি পরিচয় দিয়ে এক ব্যক্তি হায়দারকে তাঁর জমিতে টাওয়ার বসানোর প্রস্তাব দেয়। এরজন্য বড় মাপের আর্থিক সুবিধা মিলবে বলে টোপ দেওয়া হয়। সেই টোপ গিলে ফেলেন হায়দার। পরের দিনই এক মহিলা তাঁকে বিভিন্ন নথিপত্র ও টাকা জমা দিতে বলে। কয়েক দফায় তাঁর কাছ থেকে ৬ লক্ষ ৭৩ হাজার ৫০ টাকা নেওয়া হয়।
এরপর বেশ কিছুদিন কেটে যাওয়ার পর কেউ যোগাযোগ না করায় তিনি ফোন করলে ফের তাঁর কাছে থেকে ১০ হাজার টাকা চাওয়া হয়। না দিলে টাওয়ার বসবে না বলে জানানো হয়। এরপর তিনি টাকা ফেরত চাইলেই শুরু হয় হুমকি। তারপরেই জামালপুর থানায় অভিযোগ দায়ের করেন হায়দার। তাঁর গোপন জবানবন্দি ম্যাজিস্ট্রেটের কাছে নথিভুক্ত করায় পুলিশ।
ঘটনার তদন্তে নেমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও মোবাইল ফোনের সূত্র ধরে অমৃতাভর খোঁজ পায় পুলিশ। বিরাটির স্কুলরোডে তার বাড়ি। তাকে নোটিস পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য জামালপুর থানায় ডাকা হয়। শনিবার তদন্তকারী অফিসারের কাছে হাজির হয় অমৃতাভ। দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিসের দাবি, সে তদন্তে অসহযোগিতা করেছে। নানা তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করে। এরপরই তাকে গ্রেফতার করা হয়। ধৃতের সঙ্গে আরও কয়েকজন প্রতারণায় জড়িত বলে জিজ্ঞাসাবাদে জেনেছে পুলিশ। রবিবার ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করতে এবং চক্রের অন্যদের খোঁজ পেতে ধৃতকে সাতদিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। ধৃতের চারদিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম।
হাইওয়েতে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আগুন ধরে গেল, জীবন্ত পুড়ে মৃত্যু ৩ জনের