দ্য ওয়াল ব্যুরো: উঠে যাবে বেসরকারি বাসের কমিশন-প্রথা। দুর্ঘটনার সংখ্যা কমাতে বাসমালিক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করে এমনই নির্দেশ দিল রাজ্য সরকার।
বাসের প্যাসেঞ্জারের সংখ্যা যত বেশি, চালক ও কনডাকটর তত বেশি কমিশন পাবেন। এই ছকেই চলত এত দিন বেসরকারি বাসের দৌড়। আর এ জন্যই, সে দৌড় মাঝে মধ্যেই বিপজ্জনক হয়ে উঠত। আগের বাসকে টপকে এগিয়ে বেশি যাত্রী তোলার তাড়া, তাড়াতাড়ি ট্রিপ শেষ করে বেশি সংখ্যায় ট্রিপ করে যাত্রী বাড়ানোর তাড়া, অফিসটাইমে ধারণক্ষমতার থেকেও বেশি সংখ্যায় যাত্রী তোলার প্রবণতা—এ সব যেন নিত্য ব্যাপার হয়ে উঠেছিল।
এই ধারাকে বদলাতে, পথ সুরক্ষা বাড়াতে, বেসরকারি বাসে কমিশন-প্রথা তুলে দিল রাজ্য সরকার। জানাল, এর পর থেকে বাসমালিকদের নিয়মিত বেতন দিতে হবে চালক ও কনডাকটরদের। সরকারি বাসের মতোই।
বৃহস্পতিবার পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বাসমালিক সংগঠনগুলির বৈঠকের পরে এই সিদ্ধান্ত ঘোষিত হয়।
সূত্রের খবর, ১৫ জুলাই থেকে এই নিয়ম চালু হতে চলেছে। দুর্ঘটনা রুখতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে সরকারের তরফে। প্রথম পর্যায়ে কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনায় কমিশন-প্রথা বন্ধ হচ্ছে।
পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আমি বলেছি রেষারেষি বন্ধ করতে। আর সে জন্য এই কমিশনের নিয়ম বদল প্রয়োজন। কমিশন বেশি পাওয়ার জন্যই বেশি যাত্রী তুলতে মরিয়া থাকে বাসগুলি। ধরাবাঁধা বেতনের ব্যবস্থা হয়ে গেলে আর এমনটা হবে না।”