
শেষ আপডেট: 18 May 2023 13:00
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: তড়িদাহত হয়ে কলেজ পড়ুয়ার মৃত্যু (College Student Electrocuted)। এই মর্মান্তিক ঘটনা ঘিরে শোকের ছায়া নেমেছে কাটোয়া (Katwa) চুড়পুনি গ্রামে মাঝেরপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সুমন মণ্ডল।
গ্রামবাসীরা জানিয়েছেন, বুধবার বিকেলে ঝড়-বৃষ্টি থামার পর একুশ বছরের সুমন ঘুরতে বেরিয়েছিল। চলার পথে জল-কাদা ভরা রাস্তায় তাঁর পা পিছলে যায়। সেই সময় সামনে থাকা বিদ্যুতের খুঁটি ধরে টাল সামলাতে যায় সুমন। কিন্তু বিদ্যুতের খুঁটিতে খোলা তার জড়ানো ছিল। সেই তারে হাত লাগার সঙ্গে সঙ্গে সুমন তড়িদাহত হন।
স্থানীয় মানুষ এই ঘটনা দেখতে পেয়েই ছুটে আসেন। কাঠের লাঠির সাহায্যে সুমনকে অচৈতন্য অবস্থায় বিদ্যুতের খুঁটি থেকে উদ্ধার করেন। পরে কাটোয়া মহকুমা হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
গ্রামবাসীদের অভিযোগ, গ্রামে ইলেক্ট্রিক পোস্টের তারগুলি যথাস্থানে না থেকে খোলা অবস্থায় পড়ে আছে। খুঁটির গা বেয়ে সমস্ত তার ঝুলে রয়েছে। বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। রাস্তা ঘাটে সতর্কভাবে না চলাফেরা করলে দুর্ঘটনা অবশ্যম্ভাবী। এই বিষয়টি নিয়ে বারে বারে বিদ্যুৎ দফতরকে জানানো হয়েছে। কিন্তু লাভ হয়নি। এদিন এমন মর্মান্তিক ঘটনা ঘটতেই ক্ষুব্ধ গ্রামবাসীরা সরব হয়েছেন বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে।
মৃত ওই কলেজ পড়ুয়ার আত্মীয় জানান, ‘প্রশাসনের গাফিলতির জন্য আজ একটা তরতাজা তরুণের প্রাণ চলে গেল। বিদ্যুৎ দফতরের এবার সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। এমন দুর্ঘটনা যেন কারও সঙ্গে না ঘটে।’ বিদ্যুৎ দফতরের স্টেশন ম্যানেজার প্রবাল রায় জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
বিকেল গড়াতেই আকাশ কালো, তুমুল ঝড়জলে ভিজল কলকাতা, বিপাকে অফিসফেরত লোকজন