
শেষ আপডেট: 25 October 2023 20:12
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: রাতে গ্যারেজ থেকে বাইক বের করতে গিয়েছিলেন বাড়ির জামাই। বাইক সরাতেই ফণা তুলে দাঁড়িয়ে পড়ল গোখরো। এমন ঘটনায় দশমীর রাতে হুলস্থুল পড়ে গেল বিধায়কের বাড়িতে।
জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। দশমীর রাতে তার বাড়ির গ্যারেজে ঢুকে যায় একটি বড়সড় গোখরো সাপ। আশ্রয় নেয় বাড়িতে থাকা বাইকের সামনে। রাতে বাইকটি নিতে যান বিধায়কের ছোট জামাই পবিত্র বর্মন। বাইকের চাকা সরাতেই ফণা তুলে তাঁর পায়ের সামনে দাঁড়িয়ে পড়ে গোখরোটি। পবিত্রর চিৎকারের বাড়ির সকলেই ছুটে আসেন। যদিও সেই সময় বাড়িতে উপস্থিত ছিলেন না খগেশ্বরবাবু।
রাজগঞ্জের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়েছিলেন বিধায়ক। বাড়ির লোকেরা তাঁকে ফোন করে ঘটনাটি জানান। বিধায়কের বাড়িতে গোখরো আস্তানা গেড়েছে এখবর মুহূর্তের মধ্যে এলাকায় চাউর হয়ে যায়।
খবর পেয়ে বিধায়কের বাড়িতে মাঝরাতেই ছুটে যান রাজগঞ্জের বিডিও পঙ্কজ কোনার। ততক্ষণে চলে আসেন পরিবেশ কর্মীরাও ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন। বিধায়কের বাড়ির সামনে অনুগামীদের ভিড় জমে যায়। এরপরেই কোনওরকমে পরিবেশ কর্মীরা সাপটিকে উদ্ধার করেন। এরপরে কাছের একটি জঙ্গলে ছেড়ে দেন।
বিধায়ক খগেশ্বর রায় বলেন, '' পুজোতে নাতি ও মেয়েকে নিয়ে বাড়িতে এসেছিলেন ছোট জামাই। পুজো উপলক্ষে রাতে আমার বাড়ির কাছেই সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল। আমি সেখানেই ছিলাম। এরমধ্যেই খবর আসে ছোট জামাইয়ের মুখোমুখি হয়েছে গোখরো সাপ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পরিবেশ কর্মীদের। তারাই এসে মাঝরাতে সাপটিকে ধরে নিয়ে গেলে হাঁফ ছেড়ে বাঁচি আমরা।''