
শেষ আপডেট: 30 March 2024 17:18
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: শুক্রবার রাত। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের প্রসূতি বিভাগের সামনেই একটি বিশাল আকারের গোখরো সাপ দেখে চোখ কপালে ওঠে রোগীর পরিজনদের। তীব্র বিষধর সাপটিকে দেখতে পেয়ে যে যেদিকে পারেন ছুটে পালান।
সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় হাসপাতালের ওয়ার্ড মাস্টারের অফিসে। হাসপাতালের কর্মীরা খবর দেন পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে। খবর পেয়ে দ্রুত বাইক চালিয়ে হাসপাতালে চলে আসেন বিশ্বজিৎবাবু। কিন্তু সাপটি ততক্ষণে আশ্রয় নিয়েছে ওয়ার্ড লাগোয়া ড্রেনের ভেতর।
বিশ্বজিৎবাবু এরপর দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেন। কিন্তু সাপের দেখা মেলেনি। হাসপাতালে তখন আতঙ্কের চোরা স্রোত। সাপটি কোথায় লুকিয়ে রয়েছে, এবং আবার কখন দেখা দেবে, সেই আশঙ্কায় ভীত হয়ে পড়েন হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাদের পরিজনরা। তবে সাপ না ধরে হার মানতে নারাজ বিশ্বজিৎবাবুও। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর ড্রেনের স্ল্যাব সরান তিনি। তখনই দেখা যায় সেখানে কুণ্ডলী পাকিয়ে পড়ে রয়েছে সাপটিকে।
দীর্ঘক্ষণের চেষ্টায় এরপর প্রায় ৫ ফুট লম্বা গোখরো সাপটিকে ড্রেন থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন তিনি। সাপ ধরা পড়েছে শুনে হাঁফ ছেড়ে বাঁচেন রোগীর আত্মীয়রা। বিশ্বজিৎবাবুই তীব্র বিষধর গোখরো সাপটিকে নিকটবর্তী একটি জঙ্গলে ছেড়ে দিয়ে আসেন।