দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে ক্যানসার চিকিৎসায় জোর বাড়াতে উদ্যোগী মুখ্যমন্ত্রী। টাটা মেমোরিয়ালের সঙ্গে যোগাযোগ করে এ রাজ্যে ক্যানসার হাসপাতাল গড়ে তোলার কথা বলেছেন তিনি। ইতিমধ্যে শুরু হয়ে গেছে তার প্রস্তুতিও।
এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন, ক্যানসার চিকিৎসার জন্য ২৫ শতাংশ মানুষ এ রাজ্য থেকে মুম্বইয়ের হাসপাতালে যান। তা যাতে আর করতে না হয়, সেই ব্যবস্থা করবে রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রীর কথায়, আমরা টাটা মেমোরিয়ালের সঙ্গে যোগাযোগ করেছি। আমাদের রাজ্যে এসএসকেএমে একটা ক্যানসার হাসপাতাল হবে। এছাড়া উত্তরবঙ্গে দুটো হাসপাতাল করতে চাই আমরা। সবটাই হবে টাটার সঙ্গে যৌথ উদ্যোগে।
রাজ্যে এমনিতে বেসরকারি সরকারি হাসপাতালে ক্যানসারের চিকিৎসা হয়। তাছাড়া কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে চলে হাজরার চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতাল। এবার দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় আরও জোর দিতে চাইছে সরকার।
নবান্ন থেকে এদিন স্টুডেন্টস ক্রেডিট কার্ড প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্যই ডাকা হয়েছিল সাংবাদিক সম্মেলন। নতুন এই প্রকল্পে রাজ্যের ছাত্র ছাত্রীদের ১০ লক্ষ টাকার লোন দেওয়া হবে। সরকার থাকবে তার গ্যারান্টার।
ভোটের অনেক আগে থেকে বিরোধীদের প্রচারে বড় ভূমিকা নিয়েছিল ভিন রাজ্যের উদাহরণ। বারবার বলা হয়েছে, এ রাজ্যে কাজ নেই, তাই পশ্চিমে গুজরাত মহারাষ্ট্রের মতো রাজ্যে কাজের খোঁজে চলে যেতে হয় বাংলার মানুষকে। চিকিৎসার কথাও বাদ দেননি বিরোধীরা।
টাটার সঙ্গে হাত মিলিয়ে রাজ্যেই ক্যানসার হাসপাতাল গড়ার উদ্যোগ নিয়ে যেন সেই সমালোচনার খানিক জবাব দিলেন মুখ্যমন্ত্রী, তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।