দ্য ওয়াল ব্যুরো: চতুর্দিকে যখন অ্যাপ নিয়ে এত বিতর্ক, গ্রাহকের তথ্য সুরক্ষিত না থাকার অভিযোগে তোলপাড় বিশ্বের নানা প্রান্তে, এমনকি এই অভিযোগে ৫৯টি চিনা অ্যাপ সদ্য বাতিল করেছে ভারত, তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, রাজ্যের তথ্যপ্রযুক্তি বিভাগ একটি নতুন অ্যাপ তৈরি করেছে, 'সেল্ফ স্ক্যান'।
আজ, সোমবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠকে এই কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি জানালেন, ফোনে নথিপত্র স্ক্যান করার জন্য নতুন এই অ্যাপটি আনল রাজ্য। বিনামূল্যে ইনস্টল করা যাবে অ্যাপটি। কোনও বিজ্ঞাপনও থাকবে না। বিশ্বের যে কোনও প্রান্তের মানুষ ব্যবহার করতে পারবেন। নথিপত্র স্ক্যান করার জন্য কোনও আপস করতে হবে না সুরক্ষার সঙ্গে। এখানে ব্যবহারকারীর তথ্য পুরোপুরি ব্যক্তিগত থাকবে, সার্ভারে স্টোর হবে না, এমনটাই দাবি করেন তিনি। জানান, এতে স্ক্যান করা তথ্য এডিটও করা যায়।
মুখ্যমন্ত্রী এদিন বলেন,"আমার মনে হয়, বাংলাই এই প্রথম এমন একটি নিজস্ব অ্যাপ তৈরি করল বিশ্বমানের। কখনও কখনও গৌরবের সঙ্গে কৃতিত্ব দাবি করতে হয়। এটাও তেমনই একটা সময়। রাজ্য নিজে ডেভেলপ করেছে এই অ্যাপ। নিজেদের নির্ভর করুন। চলতি অ্যাপের তুলনায় এই অ্যাপ অনেক উন্নত। সুরক্ষিত। যখন কোন অ্যাপ ইউজ করবেন স্ক্যান করার জন্য, আদৌ করবেন কিনা তাই নিয়ে বিতর্ক চলছে, তখন বাংলা দেখিয়ে দিল স্বদেশিয়ানা।"
বর্তমানে বাংলার তথ্যপ্রযুক্তি দফতরের প্রধান সচিবের দায়িত্বে রয়েছেন রাজীব কুমার। এর আগেই পুলিশ কমিশনার থাকার সময় থেকেই তাঁর সাইবার বিষয়ক দক্ষতা সর্বস্তরে সুপরিচিত ছিল। এ বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা দুই-ই রয়েছে তাঁর। সেটা কাজে লাগানোর উদ্দেশেই এই দফতরের দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। আজ 'সেল্ফ স্ক্যান' অ্যাপটির সাফল্যের কথা বলতে গিয়ে রাজীব কুমার ও তাঁর টিমের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।
তাঁর কথায়, "আমি আইটি দফতরকে অভিনন্দন জানাচ্ছি। রাজীব খুব ভাল কাজ করেছে। ওর টিম দেখিয়ে দিল, হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে, ওয়ার্ল্ড থিঙ্কস টুমরো। এটা আপনার ঘরের মতো। কেউ নাক গলাতে পারবে না। আমি অনুরোধ করব জাতীয় স্তরে এই 'সেল্ফ স্ক্যান'-এর কথা সকলকে জানান। এটা সকলে ব্যবহার করুক। ভালকে সকলে গ্রহণ করুন।"