মধুরিমা রায়
ছেলের জন্য অপেক্ষা করছেন মা। যেমন এর আগেও বহু বার করেছেন। কিন্তু এবারের অপেক্ষা অন্য রকম। তাঁর সঙ্গে অপেক্ষায় যোগ দিয়েছে সারা গ্রাম। বাবলু আসছে! বলাই বাহুল্য, এই আসা অন্য পাঁচ বারের মতো নয়। অন্য বারের মতো হেঁটে নয়, কফিনে চড়ে আসবেন তিনি।
কানাঘুষো শোনা গেছে, তাঁর গোটা দেহ আসছে না। আসছে দলাপাকানো মাংসপিণ্ড থেকে বেরিয়ে আসা হাতটুকু। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, সে হাতের আঙুলের আংটিই চিনিয়েছে তাঁকে। সব জেনে যেন থমথম করছে গোটা এলাকা। ক্ষোভে-অভিমানে ফেটে পড়তে চাইছেন পরিবার, আত্মীয় প্রতিবেশীরা। দেহ এসে পৌঁছতে রাত হয়ে যাবে বলেই জেনেছেন তাঁরা।
এরই মাঝে একটানা কান্নার শব্দ বাতাস ভারী করে তুলছে। ঘরে ঢুকে খিল দিয়েছেন বাবলুর স্ত্রী মিতা। কারও সঙ্গেই কথা বলেননি তিনি। উলুবেড়িয়া দক্ষিণের এমএলএ পুলক রায় এসেছেন ঘটনাস্থলে। তাঁর মাধ্যমে বাবলুর পরিবারের খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন, পাশে আছেন তিনি।
মা বনমালা সাঁতরার সঙ্গেও ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। আশ্বাস দেন, সমবেদনা জানান। স্ত্রী মিতা সাঁতরার সঙ্গেও ফোনে কথা বলতে চান তিনি। কিন্তু কথা বলেননি মিতা। দিনভর কোথাও দেখা যায়নি বাবলুর ছোট্টো মেয়ে পিয়ালকে। পরিবারের সদস্যরা জানালেন, অন্য জায়গায় আড়াল করে রাখা হয়েছে তাকে। এই দুঃসহ আবহে সামনে আসতে দেওয়া হয়নি তাকে।
দেখে নিন, মুখ্যমন্ত্রী কী কথা বললেন বাবলু সাঁতরার মায়ের সঙ্গে।
https://www.facebook.com/TheWallNews/videos/383110462480164/
এমএলএ পুলক রায় জানান, মুখ্যমন্ত্রী সর্বতো ভাবে বাবলু সাঁতরার পরিবারের পাশে রয়েছেন। তিনি বলেন, "বাবলুর পরিবার যেভাবে চান, রাজ্য সরকার সে ভাবেই পাশে থাকবেন। উনি নিজে আসবেন কি না এখনই বলা যাচ্ছে না। আমি ওঁরই নির্দেশে এসেছি। পাশে থাকব।" পুলকবাবু জানান, এক দিনে ৪২ জনের এই মৃত্যু সারা দেশের জন্য দুর্দিন।
https://www.facebook.com/TheWallNews/videos/802474040111775/
কিছু পরে বাবলু সাঁতরার বাড়িতে আসেন প্রাক্তন জেলা সভাপতি শ্রীদীপ ভট্টাচার্যও। আশ্বাস দেন পরিবারের পাশে থাকার। সমবেদনার বার্তা নিয়ে পাশে দাঁড়ান ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লাও। বলেন, "মুখ্যমন্ত্রী আমাদের কোনও রাজনীতি করতে পাঠাননি। মানুষ হিসেবে এসে পাশে দাঁড়িয়েছি আমি।"
https://www.facebook.com/TheWallNews/videos/2486721804888534/
অনগ্রসর শ্রেণিকল্যাণ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ও আসেন বাবলু সাঁতরার বাউড়িয়ার বাড়িতে। বলেন, "রাজনৈতিক ভাবে যা মোকাবিলা হওয়ার হবে। আমি সে বিষয়ে কিছু বলতে চাই না। কিন্তু এক জন সাধারণ মানুষ হিসেবে আমার প্রশ্ন, আর কত মৃত্যু মিছিল চলবে এ ভাবে! কত মায়ের কোল খালি হবে! যোগ্য জবাব দেওয়ার সময় এসেছে এবার। শুধু একা বাবলুর পরিবার নয়, সমস্ত নিহত জওয়ানের পরিবারের পাশে আছি আমরা।"
এ দিন বাবলুর বাড়িতে আসেন অরূপ রায়ও। শহিদ জওয়ানের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনিও।
https://www.youtube.com/watch?v=IlCo4UeOqPk&feature=youtu.be