৭৯ জন ফার্স্ট, পাশের হার ১০০ শতাংশ! একাদশে ভর্তি নিয়ে নানা সমস্যার আশঙ্কা
দ্য ওয়াল ব্যুরো: মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে কয়েক ঘণ্টা হল। তথ্য বলছে, এবারে পাশের হার ১০০ শতাংশ। মাধ্যমিকে পাওয়া সর্বোচ্চ নম্বর ৬৯৭, যা পেয়েছে রাজ্যের ৭৯ জন পড়ুয়া। অর্থাৎ হিসেবমতো ৭৯ জন ফার্স্ট হয়েছে। ফার্স্ট ডিভিশন পেয়েছে ৯০% ছাত্র
শেষ আপডেট: 20 July 2021 06:23
দ্য ওয়াল ব্যুরো: মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে কয়েক ঘণ্টা হল। তথ্য বলছে, এবারে পাশের হার ১০০ শতাংশ। মাধ্যমিকে পাওয়া সর্বোচ্চ নম্বর ৬৯৭, যা পেয়েছে রাজ্যের ৭৯ জন পড়ুয়া। অর্থাৎ হিসেবমতো ৭৯ জন ফার্স্ট হয়েছে। ফার্স্ট ডিভিশন পেয়েছে ৯০% ছাত্র-ছাত্রী। এই পরিস্থিতিতে একাদশ শ্রেণিতে ছাত্রভর্তির পদ্ধতি আরও অনেক বেশি জটিল ও অসুবিধাজনক হবে বলেই মনে করছেন অনেকে।
ভর্তি নিয়ে তৈরি হওয়া এই আগাম আশঙ্কার পরে সরকার কিছু ঘোষণা করবে কিনা, সেই দিকেই তাকিয়ে আছেন সকলে। আশা করা যাচ্ছে, আজকেই সরকার এই বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত জানিয়ে দেবে। আশা করা যায়, ১০০ শতাংশরই ভর্তির ব্যবস্থা করা হবে।
সূত্রের খবর, একাদশে ভর্তি নিয়ে পর্ষদ এবং বিভিন্ন স্কুল আগে থেকেই নিজেদের মধ্যে আলাপ আলোচনা শুরু করেছিল। কারণ জানাই ছিল, সম্ভবত ১০০ শতাংশ পরীক্ষার্থীই পাশ করে যাবে। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় সমস্যা হতে পারে বিজ্ঞান ও কলা শাখায়। বিজ্ঞানে প্র্যাকটিক্যাল পরীক্ষানিরীক্ষা আবশ্যিক। সেইসব বিচার করেই রাজ্যে আসন নির্ধারিত আছে একাদশের। এবার যোগ্য পড়ুয়ার সংখ্যা অনেক বেশি হওয়ায় সেই শাখায় ভর্তির ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। কলা বিভাগের ক্ষেত্রেও ভূগোল বিভাগে প্র্যাকটিক্যাল করা জরুরি। সেখানেও সমস্যা হতে পারে।
সব মিলিয়ে, পড়ুয়ারা নিজেদের পছন্দের বিষয়ে ভর্তি হতে চাইলে তা কতটা সম্ভবপর হবে, তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। শিক্ষাবিদরা মনে করছেন, এই একই সমস্যা হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও। ২২ তারিখ উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে। তার পরে কলেজগুলোতেও ভর্তি নিয়ে বড় চাপ হবে বলে মনে করছেন সকলে।
গত কয়েক বছর কলেজে ভর্তির চাপ খানিকটা কমেছিল কারণ আসন বাড়ানো হয়েছিল কলেজগুলোয়। কিন্তু ১০০ শতাংশ পাশের হার হলে, তার মধ্যে ৯০-৯৫ শতাংশ পড়ুয়াও যদি ভর্তি হতে চান কলেজে, তা কিন্তু বড় সমস্যায় ফেলবে গোটা শিক্ষাব্যবস্থাকে। এ নিয়ে সরকার কী ভাবনাচিন্তা করে, সেদিকেই তাকিয়ে সকলে।