
শেষ আপডেট: 22 October 2022 11:30
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: ট্রেনের কামরার ভিতরে মদ্যপানের (alcohol consumption) প্রতিবাদ করায় এক রেলকর্মীকে (railway staff) ধরে বেধড়ক মারধর করল সাফাই কর্মীরা। শুক্রবার এই ঘটনাটি ঘটেছে আসানসোল (Asansol) স্টেশনে। এরপরেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজন সাফাইকর্মীকে (cleaning staff) গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পূর্ব রেলের (Indian Railway) মুখ্য জনসংযোগ আধিকারিক।
আরপিএফ সূত্রে খবর, গত ৮ই অক্টোবর হাওড়া কারশেডের ইলেকট্রিক্যাল মেইন্টেন্স বিভাগের কর্মী শিবশঙ্কর দত্ত অন্যান্য রেলকর্মী পরিবারের সঙ্গে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন। গত ১৯শে অক্টোবর রাতে বাড়ি ফেরার জন্য তিনি জম্মু স্টেশন থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেসে ওঠেন। সেই সময় তিনি লক্ষ্য করেন ট্রেনের বি৩ কোচে ঠিক তাঁর উল্টোদিকের আসনে বসে এজেন্সির অধীনে চুক্তিবদ্ধ রেলের এক সাফাইকর্মী মদ্যপান করছেন। এই দৃশ্য দেখামাত্র তিনি প্রতিবাদ করে ওঠেন। কিন্তু তাতেও কোনও কাজ না হওয়ায় সরাসরি আরপিএফকে জানান শিবশঙ্করবাবু।
এরপর আরপিএফ জওয়ানরা সেখানে এসে সাফাইকর্মীদের থেকে মদের বোতল কেড়ে নেন এবং অন্য আসনে সরিয়ে দেন। এরপরই শত্রুধন রাম নামের ওই সাফাইকর্মী বিভিন্ন জায়গায় ফোন করতে থাকে। শুক্রবার দুপুর সাড়ে তিনটে নাগাদ ট্রেনটি যখন আসানসোল স্টেশনে পৌঁছয়, তখন হঠাৎই ১০-১২ জন সাফাই কর্মী লাঠি, লোহার রড নিয়ে ওই কোচে চড়াও হয় বলে অভিযোগ। তারা শত্রুধনের লাগেজ নামিয়ে নেওয়ার পর শিবশঙ্করবাবুকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।
আহত অবস্থায় কোচের মধ্যেই লুটিয়ে পড়েন আক্রান্ত রেলকর্মী। এই ঘটনায় স্বাভাবিকভাবেই হতচকিত হয়ে পড়েন ওই রেলকর্মী। পরে চিকিৎসক এসে তাঁকে পরীক্ষা করেন। খানিক ধাতস্থ হয়েই রানিগঞ্জ স্টেশন ম্যানেজারের কাছে গোটা ঘটনাটি নিয়ে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন তিনি।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, 'চলন্ত টেনে ধূমপান এবং মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ। এ নিয়ে রেলের পক্ষ থেকে নিয়মিত প্রচার করা হয়। তা সত্ত্বেও এমন ঘটনা ঘটেছে। প্রতিবাদ করায় আবার রেলকর্মীকে মারধরও করেছে অভিযুক্তরা। রেল পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতার করা হবে।'
হাতির হানায় প্রৌঢ়ের মৃত্যুর পরেই তিস্তার চর খালি করার নির্দেশ