দুই পিকনিক পার্টির সংঘর্ষে এক ইসিএল কর্মীর মৃত্যু, গ্রেফতার ৬
দ্য ওয়াল ব্যুরো: প্রজাতন্ত্র দিবসের সন্ধ্যায় বনভোজনের সময় দুই দলের মধ্যে বচসা থেকে মারামারির জেরে মৃত্যু হল ইসিএলের এক কর্মীর। তাঁর নাম হরিহর বাদ্যকার, বয়স বছর পঁয়তাল্লিশ।
পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর থানার পঞ্চপাণ্ডব মন্দির সংলগ্ন এলা
শেষ আপডেট: 27 January 2020 06:16
দ্য ওয়াল ব্যুরো: প্রজাতন্ত্র দিবসের সন্ধ্যায় বনভোজনের সময় দুই দলের মধ্যে বচসা থেকে মারামারির জেরে মৃত্যু হল ইসিএলের এক কর্মীর। তাঁর নাম হরিহর বাদ্যকার, বয়স বছর পঁয়তাল্লিশ।
পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর থানার পঞ্চপাণ্ডব মন্দির সংলগ্ন এলাকায় অজয় নদের ধারে ২৬ জানুয়ারি সকাল থেকেই পিকনিক চলছিল। সেখানে পাশাপাশি না হলেও কাছাকাছি বনভোজন করছিলেন একদিকে ইসিলের কর্মীরা এবং অন্যদিকে কয়েকজন টোটোচালক। সকাল থেকে কোথাও কোনও সমস্যা ছিল না তবে গণ্ডগোল বাধে সন্ধ্যায়।
অভিযোগ, খাওয়াদাওয়া শেষ করার পরে দু’পক্ষেরই বেশিরভাগ সদস্য মদ খেয়ে মত্ত অবস্থায় ছিলেন। ফেরার সময় দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয়। তা গড়ায় মারামারিতে। তখন ইসিএলের কর্মী হরিহর বাদ্যকার দুই পক্ষকেই থামাতে যান। দুই দলের মাঝে পড়ে যাওয়ায় তিনি প্রহৃত হন। তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। তাঁকে ওই অবস্থায় দেখে দুই পক্ষের লোকজনই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

হরিহরের কয়েকজন বন্ধু ওই বনভোজনের দলে ছিলেন। তাঁরা নিকটবর্তী ডাক্তারের চেম্বারে খবর দেন। ইসিএল থেকে অ্যাম্বুলেন্সে করে প্রথমে হরিহরকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থা সংকটজনক হওয়ায় তাঁকে কালনা হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে পথেই মৃত্যু হয় হরিহরের। হাসপাতালে নিয়ে গেলে হরিহরকে মৃত বলে ঘোষণা করা হয়। আজ বিকেলে তাঁর দেহের ময়নাতদন্ত হবে আসানসোল জেলা হাসপাতালে।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ এই ঘটনায় রাতেই ছ’জনকে গ্রেফতার করেছে। আজ ধৃতদের আদালতে তোলা হবে।