
শেষ আপডেট: 16 December 2022 11:46
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: লালন শেখ মৃত্যু তদন্তে ( Lalan Death Case ) বগটুই গ্রামে পৌঁছল সিআইডি ( CID Reached Bagtui Village) । শুক্রবার লালন শেখের স্ত্রী রেশমার বয়ান রেকর্ডের জন্য বগটুই গ্রামে পৌঁছন তদন্তকারীরা। এর আগে বৃহস্পতিবার রামপুরহাট সংশোধনাগারে জাহাঙ্গিরকে জেরা করে সিআইডি।
সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু নিয়ে সিআইডি তদন্ত করছে। রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পেও গিয়েছিল রাজ্যের গোয়েন্দারা। যে শৌচাগার থেকে লালনের ঝুলন্ত দেহ উদ্ধার হয় সেখানেও যান তাঁরা। এবার বগটুই গ্রামে পৌঁছল সিআইডি টিম। রাজ্য গোয়েন্দার টিম লালনের স্ত্রী রেশমার বয়ান রেকর্ড করবে। কী কারণে খুনের অভিযোগ করা হচ্ছে, লালনকে নিয়ে সেদিন যখন গ্রামে পৌঁছেছিল সিবিআই তখন তার শারীরিক অবস্থা কেমন ছিল, এসব বিষয়েই সিআইডি জানতে চাইতে পারে বলে মনে করা হচ্ছে।
চাষির বেশে গ্রামে ঘুরছেন তৃণমূল কাউন্সিলার! নাটক বলছে বিজেপি
লালন শেখের মৃত্যুতে সাত জন সিবিআই আধিকারিকের নামে অভিযোগ দায়ের হয়েছে। এদের মধ্যে কয়লা পাচার মামলায় তদন্তকারী দু’জন আধিকারিকও রয়েছেন। এদের নাম কীসের ভিত্তিতে দেওয়া হয়েছে, এরকম একাধিক প্রশ্নের জবাব চাইতে পারে সিআইডি।
জানা গিয়েছে, লালন শেখের বাড়িতে নেই তার স্ত্রী ও মেয়ে। রেশমা তার বাপের বাড়িতে রয়েছেন। সিআইডির টিম সেই বাড়িতে যায়। পাশাপাশি আদালতের নির্দেশ মতো পুরো তদন্ত প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিও করা হচ্ছে।
নিহত ভাদু শেখের ভাই জাহাঙ্গিরকে বৃহস্পতিবার জেরা করে সিআইডি। লালনের মৃত্যুর দিন সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে জাহাঙ্গিরও ছিল। সে কারণেই তার থেকে তথ্য পেতে জেরা করেছিল রাজ্যের তদন্তকারী গোয়েন্দারা।