
শেষ আপডেট: 15 December 2022 13:21
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম : লালন শেখ মৃত্যু তদন্তে নিহত উপপ্রধান ভাদু শেখের ভাইকে জেরা করবে সিআইডি ( CID Interrogate Bhadu Sheikhs Brother )। লালনের মৃত্যু কীভাবে? কী হয়েছিল সেদিন? এসব প্রশ্নের উত্তর পেতে ইতিমধ্যেই রামপুরহাট সংশোধনাগারে ( Rampurhat Jail ) পৌঁছে গিয়েছেন সিআইডির আধিকারিকরা।
কিন্তু কেন ভাদু শেখের ভাই জাহাঙ্গিরকে জেরা করবে সিআইডি?
গত ১২ ডিসেম্বর সিবিআই হেফাজতে বগটুই কাণ্ডে ধৃত লালন শেখের মৃত্যু হয়েছে। সম্প্রতি বগটুই কাণ্ডে জাহাঙ্গিরকেও গ্রেফতার করে সিবিআই। লালনের মৃত্যুর দিন কী ঘটেছিল তা জানতে চায় সিআইডি। ওই ঘটনা সম্পর্কে জাহাঙ্গির কিছু জানে কিনা তা জানতেই সিআইডির আধিকারিকরা রামপুরহাট সংশোধনাগারে পৌঁছন। কারণ ওইদিন লালনের মতো জাহাঙ্গিরও সিবিআই হেফাজতে ছিল। লালনের মৃত্যুর পরদিন জাহাঙ্গিরের জেল হেফাজত হওয়ায় এখন রামপুরহাট সংশোধনাগারে রয়েছে।
আবাস তালিকায় নাম বাদ! অঙ্গনওয়াড়ি কর্মীদের আটকে রেখে বিক্ষোভ বাঁকুড়ায়
জাহাঙ্গিরকে জেরা করতে চেয়ে আদালতে আবেদন জানায় সিআইডি। রামপুরহাট মহকুমা আদালত আবেদন মঞ্জুর করে। তারপরই রামপুরহাট সংশোধনাগারের দিকে রওনা দেয় সিআইডির টিম।
বগটুই কাণ্ডে ভাদু শেখ নিহতের পর একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। সেই ঘটনায় লালন শেখকে গ্রেফতার করেছিল সিবিআই। পরে ওই একই ঘটনায় সিবিআই জাহাঙ্গিরকেও গ্রেফতার করে। সিবিআই দাবি করে লালন আত্মহত্যা করেছে। কিন্তু তার পরিবার মানতে চায়নি। এরপরই লালনের অস্বাভাবিক মৃত্যু তদন্তের ভার সিআইডিকে দেওয়া হয়।