
শেষ আপডেট: 10 September 2022 11:49
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ট্রেন থেকে চুরি হয়ে গিয়েছিল ব্যাগ। ব্যাগে ছিল ল্যাপটপ, আই প্যাড, মানি ব্যাগ, ডেবিট ও ক্রেডিট কার্ডের মতো দরকারি জিনিস। সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন ওড়িশার বাসিন্দা বিভুপ্রসাদ কর। অবশেষে আইপ্যাড ট্র্যাক করে ব্যান্ডেল থেকে চোর পাকড়াও করে ব্যাগ উদ্ধার করল চুঁচুড়া থানার পুলিশ (Chunchura Police Station)।
বৃহস্পতিবার হাওড়া-পুরী এক্সপ্রেসে (Howrah-Puri Express) ভূবনেশ্বর যাওয়ার জন্য এসি-২ কামরায় উঠেছিলেন বিভু প্রসাদ। ব্যাগ বাঙ্কারে রেখে সিটে বসে মোবাইল দেখছিলেন। কিছুক্ষণ পর মোবাইল চার্জার নেওয়ার জন্য ব্যাগ নামাতে গিয়ে দেখেন ব্যাগ গায়েব। গোটা কামরা তন্নতন্ন করে খুঁজেও হদিস না পেরে প্ল্যাটফর্মে থাকা রেল পুলিশকে জানান। রেল পুলিশও খোঁজাখুঁজি করে। কিন্তু ব্যাগ মেলে না।
ট্রেন ছেড়ে দিতে বাধ্য হন বিভু। ভুবনেশ্বরে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন তিনি। কলকাতায় একটি মিটিংয়ে যোগ দিতে এসেছিলেন। ব্যাগ চুরি হওয়ায় আতান্তরে পরে যান। ওড়িশায় এক বন্ধুকে তাঁর আইপ্যাড ট্র্যাক করতে বলেন বিভু। আইপ্যাডের ইউসার আইডি পাসওয়ার্ড বন্ধুর কাছে ছিল। সারা রাত ধরে চেষ্টা করে অবশেষে সাফল্য মেলে। জানা যায় হুগলির ব্যান্ডেল এলাকায় রয়েছে আইপ্যাডটি। চুঁচুড়া থানার মধ্যে পরে ব্যান্ডেল। তাই চুঁচুড়া থানাকে বিষয়টি জানান বিভুপ্রসাদ।
চুঁচুড়া থানার পুলিশও আলাদা করে ট্র্যাক করে একবারে নির্দিষ্ট লোকেশন পেয়ে যায়। ব্যান্ডেল বালিকাটায় ইন্দু মুদালিয়া নামে একজনের ঘরে তল্লাশি করে উদ্ধার হয় ল্যাপটপ আইপ্যাড ব্যাগ। ইন্দু মুদালিয়া এলাকার দাগি চোর বলে জানতে পেরেছে পুলিশ। তাকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, মুদালিয়া ব্যান্ডেল এলাকার দাগি চোর। মূলত দূরপাল্লার ট্রেন থেকে দামি জিনিস চুরি করে সে। এর আগেও বহুবার পুলিশে ধরা পড়েছে। ছাড়া পেয়ে আবারও চুরি করেছে। শনিবার ধৃতকে চুঁচুড়া আদালতে পেশ করে পুলিশ।