
তাজমুল হোসেন
শেষ আপডেট: 1 July 2024 15:51
দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: পাঁচদিনের পুলিশ হেফাজতে পাঠানো হল চোপড়া কাণ্ডে ধৃত তৃণমূল নেতা তাজমুল হককে। রবিবার তাকে গ্রেফতার করে চোপড়া থানার পুলিশ। এদিন আদালতে তুলে তাকে হেফাজতে পাওয়ার জন্য আবেদন জানায় পুলিশ। বিচারক সেই আবেদন মঞ্জুর করেন।
রবিবার দুপুরে চোপড়ার তৃণমূল নেতা তাজমুলের একটি ভিডিও প্রকাশ্যে আসে। তাতে দেখা যায় এক তরুণীকে রাস্তার মধ্যে ফেলে বাঁশের কঞ্চি দিয়ে বেধড়ক মারছেন তাজমুল। যন্ত্রণায় কাতর হওয়া মেয়েটিকে চুলের মুঠি ধরে টেনে তুলে ফের ধাক্কা দিয়ে মাটিতে ফেলে চলছে মার। একইভাবে মারধর করতে দেখা যায় এক তরুণকেও। দ্য ওয়াল অবশ্য এই ভিডিওর সত্যতা যাচাই করেনি।
এই ভিডিও প্রকাশ্যে আসার পরেই রাজ্যজুড়ে শোরগোল পড়ে। সরকারের বিরুদ্ধে সমালোচনায় মুখর হন বিরোধীরা। রবিবার বিকেলের পরেই ইসলামপুরের পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে গ্রেফতার করে তৃণমূল নেতা তাজমু। ইসলামপুরের পুলিশ সুপার জবি থমাস জানান, যে ঘটনার প্রেক্ষিতে রবিবার চোপড়ার ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে, সেটি দিন দুয়েক আগে চোপড়ার লক্ষ্মীপুরে ঘটেছিল।