
শেষ আপডেট: 21 August 2023 12:25
দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: জমি মাফিয়াদের সঙ্গে জনজাতির লোকেদের সংঘর্ষে ফের অগ্নিগর্ভ চোপড়া (Chopra)। পিয়ারিলাল চা বাগানে (Tea Garden Shootout) জনজাতি মানুষজনের ঝুপড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ছোড়া হয়েছে ছররা গুলি। প্রায় ১২ জনকে চোপড়ার দলুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে তাঁদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
জনজাতির মানুষজনের দাবি, এই জমি তাঁদের। প্রায় ৮ মাস ধরে এখানে বসবাস করছেন তাঁরা। জমি মাফিয়ারা তাঁদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে। তবে কোনও অবস্থাতেই তাঁরা জমির দখল ছাড়বেন না।
স্থানীয় সুত্রে জানা গেছে, চোপড়ার আমবাড়ি এলাকায় পিয়ারিলাল চা বাগানের মালিক বছর খানেক আগে তাদের বাগান বিক্রি করে চলে যায়। সেই বাগানে প্রায় ৬২ একর জমি ভেস্টেড ল্যান্ড। জনজাতির মানুষদের দাবি, দীর্ঘদিন আগে তাঁদের পুর্বপুরুষের দখলে ছিল ওই জমি। পিয়ারিলাল টি এস্টেটের মালিকরা এসে কাজ দেওয়ার প্রতিশ্রুতিতে সেই জমি নিয়েছিলেন। কিন্তু একদিন তারা কাউকে কিছু না বলে জমি মাফিয়াদের কাছে বাগান বিক্রি করে চলে যায়। সেই ঘটনা জানাজানি হতেই জনজাতিদের বর্তমান প্রজন্ম সেই জমির দখল নিতে বাগানে এসে বাড়িঘর বানিয়ে বসবাস শুরু করে। প্রায় বছর খানেক ধরে আদিবাসী সম্প্রদায় ও জমি মাফিয়াদের গোলমাল চলছেই। দু'একবার গোলাগুলি বোমাবাজির মতো ঘটনাও ঘটেছে। কিন্তু কোনও স্থায়ী সমাধান বের হয়নি। প্রশাসনের তরফে পিয়ারিলাল চা বাগানে একটি পুলিশ ক্যাম্পও করা হয়। সেই বাগানেই সোমবার সকালে ফের চলল গুলি।
বর্তমানে পিয়ারিলাল টি এস্টেটের দায়িত্বে থাকা এনামুল হক অভিযোগ করেন, এদিন চা বাগানে শ্রমিকরা কাজ করতে গিয়েছিলেন। সেই সময় জনজাতির লোকজন হামলা চালায়। দুজন শ্রমিক তীরবিদ্ধ হয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জনজাতির লোকজন তাঁদের বিরুদ্ধেই গুলি চালানোর অভিযোগ করছে জেনে এনামুল বলেন, “জনজাতির লোকজনই তাঁদের নিজেদের লোকেদের উপর হামলা করেছে।”
তৃণমুল কংগ্রেসের শ্রমিক নেতা জাহিদুল রহমানের দাবি, চা বাগানটির মালিকানা হস্তান্তর হয়েছে৷ কিন্তু বাগানের জমিতে দখল বজায় রাখতে কিছু জনজাতি নেতা ঝাড়খণ্ড-বিহার থেকে লোক এনে বাগানে বসিয়েছে৷ তাদের আক্রমণে চা বাগানের দুই শ্রমিক তীরবিদ্ধ হয়েছেন বলেও দাবি তাঁর।
ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। ঘটনাস্থলে পাঠানো হয়েছে বিরাট পুলিশ বাহিনী। চাপা উত্তেজনা রয়েছে চা বাগান চত্বরে।
আরও পড়ুন: বাউন্সারকে গ্রেফতার করে হদিশ নাবালিকার, অপহরণের অভিযোগ পাওয়ার দু’ঘণ্টার মধ্যে উদ্ধার