
শেষ আপডেট: 17 September 2023 08:33
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বিশ্বকর্মা পুজো মানেই ‘পেটকাটি চাঁদিয়াল মোমবাতি বগ্গা, আকাশে ঘুড়ির পাল…।‘ আর এই ঘুড়ির ঝাঁকেই ওত পেতে আছে বিপদ। চিনা মাঞ্জার (Chinese Strings) ব্যবহারের বিধিনিষেধে এখনও সচেতন হয়নি মানুষ। দেদার বিক্রি হচ্ছে এই ধরণের ঘুড়ির সুতো। খবর পেয়ে অভিযানে নামতে হল পুলিশকে ( Hooghly Police)।

বেশ কয়েক বছর ধরে চিনা মাঞ্জার দাপটে বেড়েছে। তাতে দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে অনেককে। এই সুতোর ব্যবহার উড়ালপুলগুলিতে তৈরি করেছে মারণ ফাঁদ। বেশ কিছু দুর্ঘটনা হওয়ার পর প্রশাসনের তরফে এই সুতো নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু নিষেধাজ্ঞায় বিশেষ ফল হয়নি। নিষেধ উপেক্ষা করেই চলছে ‘চিনা মাঞ্জা’র বিক্রি ও ব্যবহার।

কয়েকদিন আগে শ্রীরামপুর রেল ওভারব্রিজে কোন্নগরের বাসিন্দা এক বাইক আরোহীর নাক কেটে যায় এই সুতোয়। কয়েকজন ক্রেতা জানান, এই সুতোয় দুর্ঘটনা হয় জেনেও দোকানে বিক্রি হচ্ছে।
হিন্দমোটরের এক ঘুড়ি ব্যবসায়ীর দাবি, ছোটদের চাহিদা এই চিনা সুতো। যার জন্য স্টক রাখতে হয়েছিল। পুলিশ এসে তার দোকান থেকে সমস্ত চিনা মাঞ্জা বাজেয়াপ্ত করে নিয়ে গেছে।
চন্দননগর পুলিশের এক কর্তা জানান, নাইলন সুতো বিক্রি আটকাতে এখন লাগাতার অভিযান চলাবেন তাঁরা।
আরও পড়ুন: হেড স্যারের বদলিতে কেঁদে ভাসাল পড়ুয়ারা, দেখুন ভিডিও