
শেষ আপডেট: 29 January 2020 11:50
উদ্বোধনী অনুষ্ঠানের আগে ডঃ শশী পাঁজা সংবাদমাধ্যমকে বলেন, গত দু'বছরের অভিজ্ঞতায় আমরা দেখছি বইমেলায় পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের স্টল তুমুল জনপ্রিয় হয়ে উঠছে। শিশু সুরক্ষা সম্পর্কে সচেতনতার বার্তা দিতেই এই স্টলের আয়োজন। গত দু’বছর ধরে এই স্টল মানুষের মন জয় করেছে। এই স্টল শিশুদেরও। এই স্টল থেকেই তারা তাদের আইনি অধিকার সম্পর্কে বিশদ ভাবে জানতে পারবে। শশী পাঁজার কথায়, ‘‘ আমি অনুরোধ করব নিজে জানলেই হবে না, পাড়া প্রতিবেশী সকলকেই শিশু অধিকার সংক্রান্ত আইনগুলি জানিয়ে দিতে হবে। তবেই সুরক্ষিত থাকবে শিশুরা। সুরক্ষিত থাকবে তাদের ভবিষ্যৎ।"
অভিনেতা চিরঞ্জিৎ বললেন, শিশুরা জানেই না কোন বয়সে বিয়ে করা উচিত, অথচ জীবনের পথে তাদের কখন কী করা উচিত এটা জানার অধিকার তাদের আছে। সেটাই এই স্টলে এসে তারা জানতে পারবে। মাকেই সবচেয়ে বড় দায়িত্ব নিতে হবে তাঁর শিশুকে অধিকার সচেতন করে তোলার জন্য।
আজ এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ দ্বারা প্রকাশিত হল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই, 'মনসমীক্ষণ-একটি নির্দেশিকা"। আজকের অনুষ্ঠানের আর এক বিশেষ আকর্ষণ ছিল সুরজিতের মনমাতানো গান। ‘ডনবস্কো আশালয়াম’ প্রতিষ্ঠানের শিশুরা তাদের নাচেগানে মাতিয়ে দিয়েছে অনুষ্ঠানমঞ্চ।
স্টলের ভেতরে আছে শিশু অধিকার ও সচেতনতা সংক্রান্ত হরেকরকমের বই। আছে আয়োগ প্রকাশিত কিছু হিট বই, যেমন 'চেঁচিয়ে পাড়া মাত কর', 'এখন বিয়ে নয়', 'অনলাইন সাবধান রহো'। আছে পকসো আইন সংক্রান্ত বইও। আর আছে মহুয়া সাঁতরা সম্পাদিত ও আয়োগ দ্বারা প্রকাশিত শিশুদের পত্রিকা 'হুল্লোড়'।
বইমেলায় আট নম্বর গেটের পাশেই রয়েছে এই চাইল্ড ফ্রেন্ডলি কর্নার। শিশুদের সুরক্ষা অধিকার সংক্রান্ত বই ও আইনী পরামর্শ ছাড়াও এই স্টল মেলা মাতাবে কচিকাঁচাদের হুল্লোড় দিয়েও।স্টলের বাইরের স্টেজে চলবে কচিকাঁচাদের নাচ, গান, ক্যুইজ। থাকবে 'দোহার' ব্যান্ডের অনুষ্ঠান। এছাড়াও বিভিন্ন দিনে বিভিন্ন বিষয়ের উপর থাকবে ওয়ার্কশপ। উপস্থিত থাকবেন বিশিষ্টজনেরাও।