
শেষ আপডেট: 17 August 2023 10:24
দ্য ওয়াল ব্যুরো: ভূমিষ্ট হওয়ার চারদিনের মাথায় হাসপাতালেই মৃত্যু হল শিশুর (Child Death Case) ! ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াল বাগুইআটির (Baguiati Hospital) একটি বেসরকারি হাসপাতালে। কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে। ঘটনাটি জানার পরেই শিশুর পরিবারের সদস্যরা বিক্ষোভ দেখাতে থাকেন।
ওই প্রসূতির আত্মীয়দের অভিযোগ, রাতেই শিশুর শরীর খারাপ হয়েছিল। চিকিৎসকদের জানানো হলেও কেউ শিশুটিকে পরীক্ষা করতে আসেননি। ওই শিশুর শরীরে ছোপ ছোপ দাগ ছিল। কিন্তু কী কারণে সেই দাগ হয়েছিল সে বিষয়ে কিছু জানাননি চিকিৎসকরা।
পরিবারের আরও অভিযোগ ঘটনাটি নিয়ে বাগুইআঁটি থানার দ্বারস্থ হলে পুলিশ জানায়, বিষয়টি তাঁদের এক্তিয়ারের বাইরে। তাই তাঁদের নালিশ জানাতে স্বাস্থ্য ভবনে যেতে বলে পুলিশ। এরপরেই ওই হাসপাতালে গিয়ে বিক্ষোভ দেখান প্রসূতির আত্মীয়রা। হাসপাতালের বাইরে বিশৃঙ্খলা ছড়ায়।
খবর পেয়ে পরে পরিস্থিতি সামলাতে আসে পুলিশ। সেখানেও তাঁদের ঘিরে রেখে বিক্ষোভ দেখানো হয়। পরে অবশ্য চাপের মুখে পড়ে পুলিশ প্রসূতির পরিবারের অভিযোগ গ্রহণ করে। ঘটনার তদন্ত শুরু করেছে তাঁরা।
আরও পড়ুন: তৃণমূল বিধায়কের জন্মদিন! মোম জ্বেলে, কেক কেটে উদযাপন করলেন পূর্বস্থলীর আইসি