
শেষ আপডেট: 12 March 2024 22:23
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রের সিএএ বিজ্ঞপ্তির প্রতিবাদে বুধবার শিলিগুড়ির পথে নামবেন। মঙ্গলবার শিলিগুড়ির সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই একথা জানিয়েছিলেন।
ঠিক ছিল, সরকারি সভার পর শিলিগুড়ির মৈনাক মোড় থেকে ভেনাস মোড় পর্যন্ত রোড শোতে অংশ নেবেন তিনি। তবে নবান্ন সূত্রের খবর, ওই কর্মসূচি বাতিল করা হয়েছে। প্রশাসনিক কারণে শিলিগুড়ির সরকারি অনুষ্ঠান সেরেই কলকাতায় ফিরবেন তিনি।
কী কারণে মুখ্যমন্ত্রীর ওই কর্মসূচি বাতিল করে দ্রুত কলকাতায় ফেরা, তা নিয়ে অবশ্য এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।
সোমবার সিএএ নিয়ে কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারির আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, বাংলায় এই আইন আটকানোর যাবতীয় চেষ্টা করা হবে। এদিন হাবড়া এবং শিলিগুড়ির সভা থেকে এ ব্যাপারে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর কথায়, “আমি ক্যা (CAA) কে পছন্দ করি না, কারণ এটা রাজনৈতিক উদ্দেশ্যে ভোটের মুখে দেশে বিভাজন তৈরি করতে চাইছে বিজেপি। আরে নেতাজি না থাকলে তো দেশ স্বাধীন হতো না। আর কিসের নাগরিকত্ব? নাগরিক না হলে আপনি এতদিন ভোট দিলেন কীভাবে?”
এরপরই নিজের মোবাইল থেকে কেন্দ্রের জারি করা সিএএ-র নির্দেশিকা পড়ে মুখ্যমন্ত্রী বলেন, “ফর্মের এক জায়গায় বাবার বার্থ সার্টিফিকেট জমা দিতে বলছে। সবার বাবার বার্থ সার্টিফিকেট আছে?”
মঙ্গলবার শিলিগুড়িতে সভা শেষ করে রাতে সেখানেই রয়েছেন মমতা। এদিনের সভা থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামিকাল বুধবার শিলিগুড়ি শহরে প্রতিবাদ মিছিল করবেন তিনি। সিএএ এবং এনআরসি- র বিরুদ্ধে মিছিলে নেতৃত্ব দেবেন। তৃণমূলের তরফে প্রতিটি ধর্মের মানুষকে মিছিলে অংশ নিতে অনুরোধ করা হয়।
তবে শেষ মুহূর্তে ওই কর্মসূচি বাতিল করা হয়েছে। বুধবার উত্তরকন্যা সংলগ্ন একটি মাঠে সরকারি প্রকল্প প্রদানের কর্মসূচি সেরে দ্রুত কলকাতায় ফিরছেন মুখ্যমন্ত্রী।