
শেষ আপডেট: 14 August 2023 11:17
দ্য ওয়াল ব্যুরো: ডাক্তারি পড়ার জন্য সর্বভারতীয় এন্ট্রাস নিট পরীক্ষায় বসেছিল ২ বার। কিন্তু একবারও সাফল্য আসেনি। সেই ব্যর্থতা সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছিল পড়ুয়া (Teen Dies By Suicide Over NEET Result)। ছেলের মৃত্যুশোক সহ্য করতে না পেরে তার একদিন পরেই গলায় দড়ি দিয়ে নিজেকে শেষ করে দিলেন বাবা (father son suicide)।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর চেন্নাইতে। জানা গেছে, জগদীশ্বরণ নামে ওই পড়ুয়া ২০২২ সালে ৪২৭ নম্বর পেয়ে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। তারপর দুবার নিট পরীক্ষায় বসে সে। কিন্তু একবারও সাফল্য মেলেনি। তারপর থেকেই অবসাদে ভুগছিল সে। গত শনিবার তার বাবা সেলভাসেকর যখন বাইরে ছিলেন, তখন একাধিকবার ফোন করেও ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি। এরপর বাড়ি ফিরে এসে দেখেন, ছেলের মৃতদেহ পড়ে রয়েছে ঘরের ভিতর।
ঘটনায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং পড়ুয়াদের কাছে আত্মহত্যার ভাবনাকে প্রশ্রয় না দিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে জীবন কাটানোর আর্জি জানিয়েছেন।
২০২১ সালে তামিলনাড়ু বিধানসভা নিট পরীক্ষা থেকে অব্যাহতি চেয়ে একটি বিল পাস করেছিল। তাদের দাবি ছিল, এই পরীক্ষায় শুধু ধনী ছাত্রদের পক্ষে যারা প্রাইভেট কোচিং করতে পারে, তাদেরই সুবিধা হয়। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বেশি নম্বর পেলেও দরিদ্র এবং গ্রামীণ এলাকার ছাত্রদের অসুবিধায় ফেলে এই পরীক্ষা।
এর প্রায় এক দশক আগে তামিলনাড়ু মেডিকেল ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা বাতিল করেছিল। তখন দ্বাদশ শ্রেণির নম্বরের ভিত্তিতে এমবিবিএস প্রোগ্রামে ভর্তির নিয়ম করেছিল দক্ষিণের এই রাজ্যটি। পরে যদিও সর্বভারতীয় প্রবেশিকা নিট পরীক্ষা ফিরে আসে রাজ্যটিতে। রবিবারের এই জোড়া আত্মহত্যার পর মুখ্যমন্ত্রী স্ট্যালিন জানিয়েছেন, 'আমরা যে রাজনৈতিক পরিবর্তন আনতে চাই, তা ঘটলে নিট পরীক্ষার প্রাচীর কয়েক মাসের মধ্যে ভেঙে পড়বে।'
'জুনিয়রদের রেলিং দিয়ে হাঁটাত সিনিয়ররা!' মুখ খুললেন যাদবপুরের হস্টেলের রাঁধুনি