দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খানের বাদশা সিনেমাটার কথা মনে আছে? সেই সিনেমায় শাহরুখ খান একটি কাল চশমা পরতেন। আর সেই চশমা পরলে, যে কোনও মানুষকে বস্ত্রহীন অবস্থায় দেখা যেত। ঠিক তেমন গল্পই ফেঁদে বসল শিলিগুড়ির এক প্রতারক। চেষ্টা করল মোটা টাকায় চশমা বিক্রি করার। যদিও অভিনব প্রতারণার ফাঁদ পেতেও লাভ করতে পারল না সে।
প্রতারক দাবি করে, তার বিশেষ চশমা নাকি এক্সরের মতো কাজ করে। শরীরের পোশাক, এমনকি চামড়া ভেদ করে হাড় পর্যন্ত পৌঁছে যায় দৃষ্টি। সেই চশমা ঘিরে শোরগোল পড়ে যায় শহরে। তবে স্থানীয়রা টের পেয়ে যান প্রথমেই। তার পরে পুলিশ গিয়ে বাজেয়াপ্ত করে ওই চশমাটি। ঘটনায় এক জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রাচীন চশমার নাম করে এই প্রতারণার ফাঁদ পাতা হয়েছিল। আদতে সেটি পেতলের ডিজাইন করা আতস কাচের পুরনো এক চশমা ছাড়া কিছুই নয়। সেটিকেই লোক ঠকিয়ে বিক্রি করতে এসেছিল কয়েক জন।
স্থানীয় সূত্রের খবর, রবিবার সকালে নিউ জলপাইগুড়ি থানার ভালবাসা মোড় পাচকোলগুড়ির ঘটনা। জানা গেছে, বাসু দত্তরায় নামে ফুলবাড়ির এক ব্যক্তি শনিবার ওই এলাকায় জমি দেখতে আসেন। তিনি স্থানীয় এক বাসিন্দা বাবু শর্মার কাছে তাঁর বাড়ির একটি ঘর দু'ঘণ্টার জন্য ভাড়া চায়। তিনি ভাড়াও দেন। তার পরেই এক ব্যক্তি প্যাকেটে করে একটি চশমা আনেন। চার জন বিদেশি নাগরিকও আসেন। ওই ঘরেই চশমা নিয়ে দর কষাকষি শুরু হয়।
এদিকে ঘর ভাড়া নিয়ে সেখানে বিদেশিদের এনে কিছু একটা চলছে, সে কথা ছড়িয়ে পড়তেই স্থানীয়রা উঁকিঝুঁকি মাপতে শুরু করেন। কোনও ভাবে চাউর হয়ে যায় চশমার কথা। এর পরেই স্থানীয়রা বাড়িটি ঘিরে ফেলতে শুরু করলে বিপদ বুঝে বিদেশিরা পালিয়ে যান। খানিক পরে চশমার বাক্স ফেলে বিক্রেতাও পালিয়ে যায়।
এর পরে এনজেপি থানার পুলিশ এসে চশমাটি উদ্ধার করে। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক বাবু শর্মাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। চশমার বাক্স থেকে উদ্ধার হয় জেরক্স করা নথি। সেখানে লেখা রয়েছে, চশমাটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের। চশমাটির বিশেষত্ব হিসেবে লেখা রয়েছে, এটি পরলে ১১ মিটার দূর থেকে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ দেখ যাবে। এমনকি দেখা যাবে শরীরের হাড়গোড়ও।
স্বাভাবিক ভাবেই চশমাটি পরে পুলিশ থেকে উৎসুক জনতা-- কেউই কিছুই দেখতে পায় না। সবই ঘোলা-ঘোলা ঠেকে। পুলিশ জানিয়েছে, পুরনো আমলের চশমা দেখিয়ে অভিনব কায়দায় প্রতারণার ফাঁদ পেতেছে একটি চক্র। এখনও কেউ ধরা পড়েনি এই ঘটনায়।