
শেষ আপডেট: 25 April 2023 10:59
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার কোচবিহারের মাধাইখাল কালি মন্দিরে পুজো দিয়ে তাঁর জনসংযোগ যাত্রার সূচনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রথমে দিনহাটা ও তার পর সিতাইয়ের গোসানিমানিতে সভা করেছেন তিনি। এর পর তাঁর ঘোষণা মতো সাহেবগঞ্জ এবং গোসানিমানিতে প্রার্থী বাছাই নিয়ে গোপন ব্যালটে (Ballot Box) ভোটাভুটি হওয়ার কথা ছিল। কিন্তু দেখা গেল, প্রথম দিনই চরম বিশৃঙ্খলা।
অভিষেক সভাস্থল ছাড়তেই ব্যালট নিয়ে তৃণমূলের দু’পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়ে যায়। গোসানিমানিতে হাতাহাতি পর্যন্ত বেঁধে যায়। সেখানে ব্যালট পেপার লুঠ হয়। একই ভাবে সাহেব গঞ্জে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়া হয়। ব্যালট বাক্স ভাঙাও হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে পরিস্থিতি সামাল দিতে পুলিশ নাজেহাল হয়ে যায়। পরে ভোটাভুটি ফের শুরু হলেও তা নিয়ে নতুন করে চাপানউতোর তৈরি হয়েছে।
তৃণমূলের বহু কর্মী অভিযোগ করেছেন যে তাঁরা তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেননি। কারণ তাঁরা ব্যালটই হাতে পাননি। ভোট শুরু হতেই ব্যালট লুঠ হয়ে গিয়েছে।
পঞ্চায়েতে প্রার্থী বাছাই করতে অভিনব পদক্ষেপ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনও দুই সভায় তিনি বলেছেন, তৃণমূল পঞ্চায়েতের প্রার্থী বাছাই করবে না। পঞ্চায়েতের প্রার্থী বাছবে মানুষ। এমন প্রার্থীকে তাঁরা বেছে নেবেন যাঁরা দশ দিনের কাজ দু'দিনে করবেন।
অনেকের মতে, এর মধ্যে বড় রকমের রাজনৈতিক সংস্কারের বার্তা দিতে চেয়েছিলেন অভিষেক। তৃণমূলে নবজোয়ার নামে যে কর্মসূচি নিয়েছেন তাতে স্থানীয় মানুষের সঙ্গে দলের বিচ্ছিন্নতা দূর করা যেমন লক্ষ্য, তেমনই অভিষেক তাঁর ব্যক্তিগত গ্রহণযোগ্যতা বাড়ানোরও চেষ্টা করছেন।
কিন্তু রাজনীতিতে অনেক উদ্দেশ্য ভাল থাকলেও তার বাস্তবায়ন ঝুঁকিপূর্ণ থাকে। এবার পঞ্চায়েত ভোটে তৃণমূলের মূল উদ্বেগ হল, টিকিট নিয়ে দলের মধ্যে সম্ভাব্য কোন্দল। তা ঠেকাতেই গোপন ব্যালটের আশ্রয় নিয়েছিল দল। কিন্তু দেখা গেল, প্রথম দিনই তা দলের মধ্যে থেকেই চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই সংকট কাটিয়ে উঠে সুষ্ঠু ভাবে ভোটাভুটি ফিরিয়ে আনা এখন বড় পরীক্ষা তৃণমূলের সামনে। সূত্রের খবর, ওই দুই জায়গাতেই ফের বুধবার ভোট নেওয়া হবে।
‘আপনার মধ্যে দিয়ে ভগবান এসেছে’, শুনে এজলাসে কী বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়