
শেষ আপডেট: 23 July 2023 08:17
দ্য ওয়াল ব্যুরো: গতবছর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) নির্দেশ দিয়েছিলেন, ময়নাগুড়ির জল্পেশ মন্দিরের ভিতরে ঢোকা যাবে না শ্রাবণ মাসে। বাইরে থেকে চ্যানেলের মাধ্যমে শিবলিঙ্গে জল ঢালতে হবে। বিচারপতির সেই নির্দেশই পুনরায় বহাল থাকল জল্পেশে। এই মর্মে মন্দিরের দেওয়ালে নোটিস ঝুলিয়ে দিল প্রশাসন। শুধু ভিতরে ঢোকাই নিষিদ্ধ নয়, ভক্তদের কাছে রসিদ কেটে চাঁদা আদায়ও বন্ধ হচ্ছে।
২০২২ সালে এই মন্দিরের গর্ভগৃহে অনাদি শিবলিঙ্গে জল ঢালতে গিয়ে ভিড়ে অসুস্থ হয়ে পড়েছিলেন জলপাইগুড়ি শহরের বাসিন্দা রাজকুমার দাস। এরপর তিনি নিজেই বিষয়টি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি (Jalpaiguri) সার্কিট বেঞ্চের নজরে আনেন। তারপরেই জেলা প্রশাসন এবং মন্দির কমিটিকে ডেকে পাঠিয়ে বিচারপতি নির্দেশ জারি করেছিলেন, শ্রাবণ মাসে মন্দিরের গর্ভগৃহে ভক্তদের প্রবেশ করানো যাবে না। তার বদলে চ্যানেলের মাধ্যমে শিবলিঙ্গে জল ঢালতে হবে।
জায়েন্ট স্ক্রিনে ভক্তরা দেখতে পাবেন তাঁদের ঢালা জল শিবলিঙ্গে গিয়ে পড়ছে কিনা। বিচারপতির সেই নির্দেশ চলতি বছরেও পুনরায় জারি করা হোক, এই মর্মে ১৯ জুলাই কলকাতা হাইকোর্টে ফের জনস্বার্থ মামলা দায়ের হয়। শুনানির পরে উচ্চ আদালতের পক্ষ থেকে ময়নাগুড়ি বিডিওকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। জল্পেশ মন্দির কমিটির সম্পাদক গিরিন দেব জানান, প্রশাসনের নির্দেশ পাওয়ার পরেই সমস্ত স্বেচ্ছাসেবকদের বসিয়ে দিয়েছেন তাঁরা। কারণ চাঁদা আদায় না হলে পারিশ্রমিক দেওয়াও তাঁদের পক্ষে সম্ভব হবে না।
জল্পেশের গর্ভগৃহে গোটা শ্রাবণ মাসই ভক্তদের প্রবেশ বন্ধ থাকছে।
রাস্তা সারাইয়ের দাবিতে পথে নামলেন গ্রামের মহিলারা, দেখুন ভিডিও