
শেষ আপডেট: 21 January 2023 07:45
দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি (Primary Teacher Recruitment Scam) মামলায় নাম জড়িয়েছিল তাঁর। শনিবার নিজাম প্যালেসে সিবিআইয়ের সমনে হাজিরা দেন সেই 'রঞ্জন' ওরফে বাগদার চন্দন মণ্ডল (Chandan Mondal)। নিজাম প্যালেসে ঢোকার মুখে এদিন সরাসরি সিবিআইয়ের প্রাক্তন কর্তা উপেন বিশ্বাসের (Upen Biswas) নাম করে তিনি বলেন, 'কাউকে চাকরি দিইনি। আমাকে ফাঁসানো হয়েছে।'
২০২১ সালের ২১ এপ্রিল প্রথম এই রঞ্জনের নাম উঠে আসে নিয়োগ দুর্নীতি মামলায়। সেদিন উপেন বিশ্বাস তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে বলেছিলেন, 'প্রাইমারি-আপার প্রাইমারিতে চাকরি বিক্রি করেছিলেন রঞ্জন।' তারপরই চাঞ্চল্য ছড়ায়।
কে এই রঞ্জন? পরে জানা যায় উপেন বিশ্বাস যে 'রঞ্জন'-এর কথা বলেছেন তিনিই হলেন বাগদার চন্দন মণ্ডল। তাঁর নাম প্রকাশ্যে আসতেই বেপাত্তা হয়ে যান তিনি। তবে পরে অবশ্য খোঁজ পাওয়া যায় তাঁর। এর আগে একবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজির হন চন্দন। সেদিন তিনি দাবি করেছিলেন, কোনও টাকা তিনি নেননি। কোনও চাকরিও দেননি।
তবে তারপর থেকে নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার তাঁর নাম উঠে এলেও চন্দনকে সামনে আসতে দেখা যায়নি। শনিবার সেই চন্দনই এলেন নিজাম প্যালেসে। বললেন, 'আমি সহায়তা করতে এসেছি। আমাকে উনি (পড়ুন উপেন বিশ্বাস) ফাঁসানোর চেষ্টা করেছেন। যেহেতু উনি ওখানকার বিধায়ক ছিলেন। নির্বাচনের সময় ওনাকে সাহায্য করিনি তাই।'
টাকা নিয়ে চাকরি দেওয়ার কথা অস্বীকার করলেও এই মামলায় মিডলম্যান প্রসন্ন রায়ের সঙ্গে যে তাঁর পরিচয় রয়েছে সে কথা স্বীকার করেন চন্দন। কীভাবে চিনলেন প্রসন্নকে? সেই প্রশ্নের উত্তরে চন্দন বলেন, 'উনি আমার সঙ্গে ব্যবসা করতেন তাই চিনি।' তবে কী ধরনের ব্যবসা করতেন তাঁরা, সেবিষয়ে খোলসা করেননি উপেনের 'রঞ্জন'।
মানিকের চার্জশিটে নাম ছিল মিস্টার ঘোষের, তিনিই কুন্তল, ফোঁস করলেন তাপসের বিরুদ্ধে