
শেষ আপডেট: 2 July 2023 06:17
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: বানারহাটে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার এসকর্ট ভ্যান। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের ঠাকুরপাঠ এলাকায় এশিয়ান হাইওয়ে ৪৮ এর উপরে। এই দুর্ঘটনায় গুরুতর তিনজন পুলিশ কর্মী আহত হন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই দুর্ঘটনার কবলে পড়ে পরপর তিনটি গাড়ি। পুলিশের এসকর্ট ভ্যানটি বানারহাট দিকে যাওয়ার সময় একটি গাড়িকে ওভারটেক করতে যায়। সেই সময় গয়েরকাটার দিক থেকে আসা একটি দুধের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর একটি কন্টেনার দুধের গাড়ির পিছনে এসে ধাক্কা মারে। দুমড়ে মুচড়ে যায় পুলিশের গাড়িটি।
খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ির দমকলবাহিনী। আহতদের উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরে ধূপগুড়ি থানার পুলিশ ও ট্রাফিক ওসি দুর্ঘটনাস্থলে যান। এরপরেই হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন।
পুলিশ সূত্রে খবর, এএসআই পরিতোষ বর্মন সমেত মোট ৪ জন পুলিশ কর্মী জলপাইগুড়ি থেকে বানারহাট লক্ষ্মীপাড়া চা বাগানে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাকে আনতে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা।দুর্ঘটনায় এসআই পরিতোষ বর্মন সহ কনস্টেবল বিট্টু বিশ্বকর্মার গুরুতর আহত হন। তাদের জলপাইগুড়িতে সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
রাতের অন্ধকারে তৃণমূল কর্মীর মাথা ফুঁড়ে দেয় গুলি, দুষ্কৃতী তাণ্ডবে থমথমে বাসন্তী