
শেষ আপডেট: 11 November 2022 09:49
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: প্রার্থনা শেষে সবে ক্লাস রুমে ঢুকেছিল ছাত্ররা। শিক্ষক তখনও আসেননি। বন্ধুদের সঙ্গে তখন আড্ডা চলছিল। সেই সময় আচমকাই মাথার উপর ভেঙে পড়ল সিলিং ফ্যান (Ceiling Fan Fall)। তাতে আহত হল ক্লাস নাইনের দুই ছাত্র (Student)। শুক্রবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিহরপাড়া (Hariharpara) গোবরগাড়া হাইমাদ্রাসায়।
স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, এই ঘটনায় এক ছাত্রের মাথায় চোট লেগেছে। অন্য জনের হাত জখম হয়। তাদের তড়িঘড়ি হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়।
ছাত্রদের অভিযোগ, স্কুলের ফ্যানগুলির অনেক পুরনো হয়ে গিয়েছে। বারবার স্কুল কর্তৃপক্ষকে সেবিষয় জানিয়ে ছিল তারা। কিন্তু কর্তৃপক্ষ তাতে আমল দেয়নি।
উলুবেড়িয়ার কাছে জাতীয় সড়কে উল্টে গেল তেলের ট্যাঙ্কার! প্রবল যানজট বম্বে রোডে
আহত ছাত্র সামিউল ও তার বন্ধু তহমিত বাসিত জানিয়েছে, প্রথম পিরিয়েড শুরু হওয়ার আগে তারা গল্পগুজব করছিল। সেই সময় মাথার উপর ভেঙে পড়ে সিলিং ফ্যান।
অভিভাবকদের দাবি, স্কুল কর্তৃপক্ষের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে। অল্পের জন্য প্রাণের বেঁচে গিয়েছে দুই ছাত্র। আগামীদিনে এমন ঘটনা যাতে না ঘটে সেদিক স্কুলকে নজর দিতে হবে।
স্কুলের শিক্ষক মীর মোজাফফর হোসেন জানান, নবম শ্রেণির দুই ছাত্র আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। স্কুলের ফ্যানগুলির অবস্থা খতিয়ে দেখে প্রয়োজনে মেরামতের ব্যবস্থা করা হবে।
ঘটনার খবর পেয়ে আহত ওই দুই ছাত্রের বাড়িতে যান বিডিও রাজা ভৌমিক। পরবর্তীতে চিকিৎসার প্রয়োজন হলে সরকারি ভাবেই ব্যবস্থা করা হবে বলে তাদের পরিবারকে আশ্বাস দেন।