.webp)
শেষ আপডেট: 18 October 2023 17:14
দ্য ওয়াল ব্যুরো: সমবায় দুর্নীতির শিকড় খুঁজতে এবার উত্তরবঙ্গের আলিপুর দুয়ারে ক্যাম্প করতে চায় সিবিআই। বুধবার এবিষয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের আবেদন মঞ্জুর করে এবিষয়ে রাজ্যকে তাঁদের থাকার ঘর ও যাতায়াতের গাড়ির ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আলিপুরদুয়ারের মহিলা ঋণদান সমবায় সমিতিতে ৫০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। গত অগস্টে সিআইডি তদন্ত বন্ধ করে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। ওই মামলায় বুধবার কলকাতা হাইকোর্টে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে সিবিআই।
তদন্তকারী সংস্থার তরফে আদালতে জানানো হয়, তাঁদের অফিসাররা অন্য বহু মামলায় যুক্ত। কলকাতা থেকে বারে বারে তদন্তের জন্য আলিপুর দুয়ারে যাওয়া-আসার কারণে সময় নষ্ট হতে পারে। তাই উত্তরবঙ্গের গিয়ে ক্যাম্প করার জন্য ঘর ও গাড়ির ব্যবস্থা করতে রাজ্যকে নির্দেশ দেওয়া হোক। একই সঙ্গে তদন্তে সহযোগিতার জন্য অস্থায়ীভাবে রাজ্যের কাছ থেকে ২ জন এসআই, ৮ জন কনস্টেবল, মহিলা কনস্টেবলও দেওয়ার আবেদন জানায় সিবিআই।
সিবিআইয়ের আবেদন মঞ্জুর করে রাজ্যকে এক মাসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বিচারপতি। বুধবারই এই বিষয়ে রাজ্যের মুখ্য সচিবের কাছে আদালতের নির্দেশের কপি পাঠাচ্ছেন হাইকোর্টের রেজিস্ট্রার জেনরেল। ১৮ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। সেদিন সিবিআইকে তদন্তের অগ্রগতির রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
আলিপুরদুয়ারের 'মহিলা ঋণদান সমবায় সমিতি'তে ৫০ কোটিরও বেশি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল আগেই। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সিআইডি। রাজ্যের গোয়েন্দারা সমবায় দুর্নীতির ঘটনায় ৬জনকে গ্রেফতার করেন। তবে সিআইডির তদন্ত নিয়ে সন্তুষ্ট ছিলেন না মামলাকারীদের একাংশ। সিবিআই-ইডির হস্তক্ষেপ চেয়ে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করেছিলেন অভিযোগকারীরা। ওই মামলাতেই গত ২৫ অগস্ট সিআইডি তদন্ত বন্ধ করে অবিলম্বে সিবিআই এবং ইডিকে তদন্তভার গ্রহণের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।