
শেষ আপডেট: 3 April 2023 05:54
দ্য ওয়াল ব্যুরো: গরু পাচার মামলায় (cow smuggling case) কাস্টমস অর্থাৎ শুল্ক দফতরের চার কর্তাকে নোটিস পাঠাল সিবিআই (CBI)। চলতি সপ্তাহেই তাঁদের নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে এই মামলার তদন্ত সূত্রে একাধিক কাস্টমস কর্তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। এবার অফিসারদের ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্ত এজেন্সি।
এর আগে গরু পাচার মামলায় বিএসএফ অফিসার সতীশ কুমারকে গ্রেফতার করেছিল সিবিআই। এবার কাস্টমস কর্তাদের ডাকাডাকি শুরু হল।
গরু পাচারের তদন্তের মধ্যে সিবিআই একাধিকবার বলেছে, রাজনৈতিক প্রভাবশালী, পুলিশ, কেন্দ্রীয় সরকারি দফতরের কর্তাদের নিবিড় বোঝাপড়া ছাড়া দিনের পর দিন এই কারবার চালানো সম্ভব ছিল না। এজেন্সি সূত্রে খবর, এই কাস্টমস কর্তাদের ডেকে জানার চেষ্টা হবে শুধু কলকাতার অফিসাররাই যুক্ত নাকি দিল্লিরও কেউ কেউ এর মধ্যে রয়েছেন!
শক্তিগড়ে কয়লা মাফিয়া রাজু ঝা খুনের ঘটনার পর অন্য একটি বিষয় সামনে এসেছে। তা হল সেদিন রাজুর সঙ্গে ওই ফরচুনা গাড়িতে ছিলেন গরু পাচারের অন্যতম মাথা হিসাবে অভিযুক্ত আবদুল লতিফ। ইলাম বাজারের এই ব্যবসায়ী অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ। আবার এই আবদুল লতিফ সিবিআইয়ের খাতায় ফেরার। সামগ্রিকভাবে রহস্যের জাল ঘনীভূত হচ্ছে। এরমধ্যেই সিবিআই ডেকে পাঠাল চার শুল্ক কর্তাকে।