
শেষ আপডেট: 16 May 2023 06:26
দ্য ওয়াল ব্যুরো: পুরসভায় নিয়োগ (Corporation recruitment) দুর্নীতি খতিয়ে দেখতে সিবিআইকে তদন্তভার দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপর সেই মামলা সুপ্রিম কোর্ট হয়ে হাইকোর্টে ফিরে আসে এবং বেঞ্চ বদল হয়। বিচারপতি অমৃতা সিনহাও সিবিআই তদন্তের নির্দেশই বহাল রেখেছিলেন (Amrita Sinha)। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার।
মঙ্গলবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও অপূর্ব সিনহার ডিভিশন বেঞ্চে এই মামলা দায়ের করেছে রাজ্য সরকার। ডিভিশন বেঞ্চ মামলা গ্রহণ করেছে। দ্রুত শুনানি হতে পারে।
অয়ন শীলকে গ্রেফতারের পর পুর নিয়োগ দুর্নীতি সামনে আসে। তারপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআইকে পৃথক এফআইআর দায়ের করে তদন্ত করার নির্দেশ দেন।
এরমধ্যে একাধিকবার আদালতে ইডি জানিয়েছে, অয়ন শীলের সংস্থার মাধ্যমে রাজ্যের অন্তত ষাটটি পুরসভায় টাকার বিনিময়ে নিয়োগ হয়েছে। ইডির এও দাবি, এই দুর্নীতির অঙ্ক কম করে ৩০০ কোটি টাকা।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় হুগলির ব্যবসায়ী অয়নকে গ্রেফতার করেছিল ইডি। তাঁর অফিস থেকে যা যা নথি উদ্ধার হয় তাতেই কেন্দ্রীয় এজেন্সি নিশ্চিত হয় পুরসভায় নিয়োগেও বিস্তর দুর্নীতি হয়েছে।
ইতিমধ্যেই অয়নের স্ত্রী কাকলি শীল, ছেলে অভিজিৎ, ছেলের বান্ধবী ইমনকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত এজেন্সি। উত্তরপাড়া নিবাসী ইমন আবার পুর ও নগরোন্নয়ন দফতরের এক সদ্য অবসরপ্রাপ্ত কর্তার মেয়ে। এখন দেখার ডিভিশন বেঞ্চে রাজ্যের স্বস্তি মেলে কিনা।
জীবনকৃষ্ণের ফোনে মিলেছে তথ্য ভাণ্ডার, সেই সূত্রে ডাকাডাকি শুরু করল সিবিআই