
শেষ আপডেট: 3 August 2023 08:19
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: জাতপাত তুলে লাগাতার মানসিক নির্যাতন চালানোর অভিযোগ উঠল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের (Vidyasagar University) রেজিস্ট্রার জয়ন্তকিশোর নন্দীর বিরুদ্ধে। রেজিস্ট্রারের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ এনেছেন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার অমল কুমার ভুঁইয়া (Caste based torture at Vidyasagar University)। স্থানীয় থানা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সকলের কাছে অভিযোগও জানিয়েছেন তিনি। এমনকী বিষয়টিকে ঘিরে কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছেন তিনি।
বিদ্য়াসাগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার অমল কুমার ভুঁইয়ার অভিযোগ, গত দু’বছরের বেশি সময় ধরে জাতপাত তুলে মানসিক নির্যাতন চালাচ্ছেন রেজিস্ট্রার। অমলবাবুর কথায়, “আমি তফসিলি জাতি সম্প্রদায়ভুক্ত। সেটা জেনেই রেজিস্ট্রার জাতিবিদ্বেষী মনোভাব নিয়ে আমার সঙ্গে বিরূপ আচরণ করছেন। বারংবার বলার পরও উনি এই ধরনের কার্যকলাপ বন্ধ করেননি। বাধ্য হয়েই আদালতের দ্বারস্থ হয়েছি।” তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে রেজিস্টার জয়ন্তকিশোর নন্দী বলেন, ‘আদালতের বিচারাধীন বিষয়ে কোনও মন্তব্য করব না।’
বিশ্ববিদ্যালয়ের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানের অন্দরে জাতপাত তুলে গালমন্দর বিষয়টিকে ভাল চোখে দেখছেন না কেউই। অন্যদিকে আর একটি সূত্রের খবর, সম্প্রতি কর্মচারীদের দায়িত্ব বন্টন ইস্যুতে নিজের নোটশিটে দুই মহিলাকর্মীর সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠছিল ডেপুটি রেজিস্ট্রারের বিরুদ্ধে। যদিও অমলবাবুর দাবি, ‘তাঁর নোটশিট বিকৃত করে কেউ বা কারা তাঁকে চক্রান্ত করে ফাঁসিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্তরে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।‘
সূত্রের খবর, রেজিস্ট্রার বনাম ডেপুটি রেজিস্ট্রারের এই গোলমালের প্রভাব পড়ছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কাজকর্মেও। সম্প্রতি দায়িত্ব বণ্টন নিয়ে সংশ্লিষ্ট দুই আধিকারিক গোলমালে জড়িয়ে পড়েন বলেও অভিযোগ।
আরও পড়ুন: সাতসকালে সিপিএম-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত কেশপুর, হাসপাতালে ভর্তি করা হল তিনজনকে