
শেষ আপডেট: 27 March 2023 06:14
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতিতে একের পর এক শাসক দলের (TMC) নেতা মন্ত্রীর নাম জড়াচ্ছে। দু'দিন আগেই তেহট্টের বিধায়ক তাপস সাহার (Tapas Saha) বিরুদ্ধে টাকা নিয়ে দমকলে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল। এবার সেই তাপস সাহার বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল।
বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি এই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে মামলা করেন। বিচারপতি রাজাশেখর মান্থার কাছে মামলা করার অনুমতি চেয়েছিলেন তিনি। বিচারপতির অনুমতি পেতেই মামলা দায়ের হয় হাইকোর্টে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ফের বিচারপতির দৃষ্টি আকর্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
তাপস সাহার বিরুদ্ধে অভিযোগ কী?
নিয়োগ দুর্নীতিতে আগেই তাপস সাহার নাম জড়িয়েছিল। সরকারি দফতর ও স্কুলে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। দিন দু'য়েক আগে বিজেপি নেতা তরুণজ্যোতিই একটি অডিও ক্লিপ সামনে এনে দাবি করেছিলেন দমকল বিভাগে চাকরি দেওয়ার নামে টাকা চাইছেন তাপস (recruitment scam)। যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।
বিজেপি নেতা আরও দাবি করেছিলেন, টিনা সাহা ভৌমিক নামে তৃণমূলেরই এক নেত্রীর থেকে চাকরি দেওয়ার নামে টাকা চেয়েছেন তাপস। টিনা হলেন তৃণমূলের নদিয়া জেলা পরিষদের সদস্যা।
যদিও সেই অভিযোগ অস্বীকার করেন তাপস। পাল্টা দাবি করেন, তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। তাপস সাহার বিরুদ্ধে অভিযোগ পেয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রাজ্যের দুর্নীতি দমন শাখা। তবে সেই অভিযোগ তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে বলেও তেহট্টের বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। গোটা বিষয়টাই আদালতে জানানো হয়েছে বলে সূত্রের খবর।
ঝেঁপে বৃষ্টি আসছে, দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস