.webp)
শেষ আপডেট: 9 November 2023 20:54
দ্য ওয়াল ব্যুরো: আলাদা রাজ্যের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছে কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন (কেএলও)। তবে জঙ্গি আন্দোলনের পরিবর্তে কেএলও-কে সমাজের মূলস্রোতে ফেরার আহ্বান জানাল কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি। এই দাবিতে আগামী ১৯ নভেম্বর ময়নাগুড়িতে সমাবেশের আয়োজন করেছে কামতাপুর স্টেট ডিমান্ড ফোরাম।
এই সমাবেশকে ঘিরেই এদিন সাংবাদিক বৈঠকের আয়োজন করেছিল কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি। .তাঁদের বক্তব্য, আলাদা রাজ্যের বদলে কেন্দ্র শাসিত অঞ্চলেও আপত্তি নেই।
কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির প্রেসিডেন্ট অমিত রায় বৃহস্পতিবার এ বিষয়ে সাংবাদিক বৈঠক থেকে বলেন, “আমাদের মূল দাবি আলাদা কামতাপুর রাজ্য ও কামতাপুর ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার। পাশাপাশি আমরা চাই জীবন সিংহের সাথে দ্রুত শান্তি চুক্তি বাস্তবায়িত করা হোক। তবে কামতাপুর রাজ্যের বদলে যদি কেন্দ্র শাসিত অঞ্চল হয় তবে তা মেনে নেওয়া হবে। কারণ কোনও কিছু না হওয়ার বদলে কিছু হওয়া ভাল।”
জানা গেছে, কেএলও সুপ্রিমো জীবন সিংহের সাথে দ্রুত শান্তি চুক্তি, আলাদা কামতাপুর রাজ্য এবং কামতাপুর ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার দাবিতে আগামী ১৯ শে নভেম্বর ময়নাগুড়ি জল্পেশ ময়দানে কামতাপুর স্টেট ডিমান্ড ফোরামের পক্ষ থেকে বাংলা ও অসমের মোট ২৮ টি দলকে নিয়ে বিশাল সমাবেশের ডাক দিয়েছে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি।
সম্প্রতি কেএলও(কেএন) নামে একটি গোষ্ঠী আত্মপ্রকাশ করে। গত ৫ নভেম্বর তাঁদের তরফ থেকে স্যোশ্যাল সাইটে একটি লিফলেট ভাইরাল হয়। তাতে কার্যত জঙ্গিপনার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। যদিও দ্য ওয়াল ওই লিফলেটের কোনও সত্যতা যাচাই করেনি। ওই লিফলেটকে ঘিরে এলাকায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছিল। সেকারণেই এদিনের সাংবাদিক বৈঠক বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে। তাঁদের বক্তব্য, হিংসার পথে নয়, শান্তির পথেই ন্যায্য দাবি আদায় করতে হবে।