
শেষ আপডেট: 5 July 2023 15:03
দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত ভোটে জাতীয় মানবাধিকার কমিশনের নজরদারির কোনও প্রয়োজনীয়তা নেই বলে সাফ জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এর আগে সিঙ্গল বেঞ্চও একই রায় দিয়েছিল। এদিন জাতীয় মানবাধিকার কমিশনের পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত খারিজ করে সেই রায়ই বহাল রাখলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।
পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে রাজ্যজুড়ে একাধিক এলাকায় গোলমালের ঘটনা ঘটেছিল। এরপর মানবাধিকার কমিশনের বিশেষ পর্যবেক্ষক হিসাবে কমিশনের ডিজি (তদন্ত) রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলি চিহ্নিত করবেন বলে নোটিস পাঠানো হয় রাজ্য নির্বাচন কমিশনে। ওই নোটিসকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য নির্বাচন কমিশন। সেই মামলায় জাতীয় মানবাধিকার কমিশনের নোটিস খারিজ করে দেয় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর সিঙ্গেল বেঞ্চ।
এরপর পাল্টা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় মানবাধিকার কমিশন। কিন্তু সেখানেও এই মামলার রায় ঘোষণা করে প্রধান বিচারপতি জানান, মিডিয়া রিপোর্টের ভিত্তিতে মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা থেকে ওই নোটিস জারি করেছিল মানবাধিকার কমিশন। কিন্তু শুধুমাত্র মিডিয়া রিপোর্ট ও আশঙ্কার জেরে পাঠানো ওই নোটিসের কোনও ভিত্তি নেই।
কলকাতা হাইকোর্টে নির্বাচন কমিশন বলেছিল, ভোট সংক্রান্ত যে কোনও বিষয়ে নজরদারি এবং যে কোনও সমস্যা সমাধানের দায় নির্বাচন কমিশনের। তারাই এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত সাংবিধানিক প্রতিষ্ঠান। কেন্দ্রীয় মানবাধিকার কমিশন তাদের কাজে হস্তক্ষেপ করতে পারে না। মঙ্গলবার এই সংক্রান্ত মামলাটির শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। সেদিন মামলার রায়দান স্থগিত রাখা হয়েছিল। অবশেষে বুধবার রায় ঘোষণা হল।
পঞ্চায়েতে পর্যবেক্ষক নিয়োগ করতে চেয়েছিল জাতীয় মানবাধিকার কমিশন, খারিজ করল হাইকোর্ট