
শেষ আপডেট: 1 March 2023 07:03
দ্য ওয়াল ব্যুরো: আরও একটি মামলায় সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মুর্শিদাবাদের চাকরিপ্রার্থী আবদুর রহমানের আত্মহত্যার ঘটনায় দুর্নীতির যোগ খতিয়ে দেখতে কেন্দ্রীয় এজেন্সিকে তদন্তভার দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা।
আত্মঘাতী আবদুর রহমানের পরিবারের অভিযোগ ছিল, টাকা দিয়ে চাকরি না পেয়েই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন ওই তরুণ। সেই মামলায় বৃহত্তর ষড়যন্ত্রের কথা বলেছিল আদালত। আগের দিনের শুনানিতে উঠে এসেছিল আবদুর রহমানের সুইসাইড নোটের প্রসঙ্গও। এদিন শেষমেশ সিবিআইকেই তদন্তভার দিল আদালত।
কী ছিল আত্মঘাতী চাকরিপ্রার্থীর সুইসাইড নোটে?
জানা গিয়েছে, আবদুর রহমানের সুইসাইড নোটে দিবাকর কনুই নামের এক ব্যক্তির কথা উল্লেখ করা ছিল। এও জানা গিয়েছিল, সুইসাইড নোটে আত্মঘাতী ছাত্র লিখে গিয়েছেন, এই দিবাকরই তাঁকে আশ্বাস দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করিয়ে দেবেন।
দিবাকরকে ইতিমধ্যে তারাপীঠ থেকে গ্রেফতার করেছে পুলিশ। আগের দিন আদালত সিবিআইয়ের উদ্দেশে বলেছিল, কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারীরা কেন দিবাকর কনুইকে জেরা করছেন না? আদালত মনে করছে, নিয়োগ দুর্নীতির ঘটনার সঙ্গে এই ঘটনার যোগ রয়েছে।
আদালত এও বলে, আবদুর রহমানের আত্মহত্যার পর তাঁর পরিবার যে অভিযোগ করেছে তার ভিত্তিতে পুলিশি তদন্তে এখনও কোনও ফাঁক নেই। কিন্তু যেহেতু নিয়োগ দুর্নীতির গোটা তদন্তটা করছে সিবিআই তাই তাদেরই ভার দেওয়া হল। এখন দেখার লালগোলার চাকরিপ্রার্থীর আত্মহত্যা মামলায় কী পদক্ষেপ করে সিবিআই।