
শেষ আপডেট: 13 December 2022 16:44
দ্য ওয়াল ব্যুরো: স্বাস্থ্য দফতরে (health department) নিয়োগের জন্য জেলাস্তরে গঠিত ২৮ জনের নির্বাচন কমিটি (selection committee) বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। উল্লেখযোগ্য, এই কমিটিতে ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী এবং শাসকদলের নেতা। স্বাস্থ্য দফতরের নিয়োগে নিরপেক্ষতা এবং স্বচ্ছতা বজায় রাখতেই প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।
হাইকোর্ট মঙ্গলবার জানিয়েছে যে, ২০২১ সালের ২৬ নভেম্বর স্বাস্থ্য দফতরের নিয়োগের জন্য যে নির্বাচন কমিটি গঠন করা হয়েছিল, তার মাথায় কোনও নিরপেক্ষ ব্যক্তিকে রাখা প্রয়োজন। যিনি রাজনীতির লোক নন। তাতে নিয়োগ প্রক্রিয়ার নিরপেক্ষতা বজায় থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই বিষয়টি পুনর্বিবেচনা করা দরকার।
এই রায় দিয়ে আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আগামী দু'সপ্তাহের মধ্যে এই নির্বাচন কমিটি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের কেন্দ্রীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তাকে এই কমিটি গঠনের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। একইসঙ্গে বলা হয়েছে, কমিটির চেয়ারম্যান হিসাবে এমন একজন ব্যক্তিকে নিয়োগ করতে হবে যাঁর বিরুদ্ধে পারতপক্ষে কোনও পক্ষপাতের অভিযোগ উঠবে না। পাশাপাশি তিনি একজন অরাজনৈতিক ব্যক্তি হবেন।
উল্লেখ্য, গত বছর নভেম্বর মাসে রাজ্যের বিজ্ঞপ্তি অনুসারে এই নির্বাচন কমিটি গঠন করা হয়েছিল স্বাস্থ্য দফতরে। সেই কমিটিতে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, গৌতম দেব, চন্দ্রনাথ সিংহ, শান্তা ছেত্রী, মলয় ঘটক, অখিল গিরি, শেখ সুফিয়ানের মতো তৃণমূলের একাধিক নেতামন্ত্রী।
এরপরেই কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। সেখানে আশঙ্কা প্রকাশ করে বলা হয় যে, কমিটির বেশিরভাগ সদস্যই শাসকদলের গুরুত্বপূর্ণ নেতামন্ত্রী। ফলে স্বাস্থ্য দফতরের নিয়োগের ক্ষেত্রে বড়সড় দুর্নীতি কিংবা স্বজনপোষণ হতে পারে। আদালত যেন সেই আশঙ্কা বা সন্দেহেই সিলমোহর দিল। এখন দেখার কমিটি পুনর্গঠনের পর আদালতে কী প্যানেল জমা দেয় স্বাস্থ্য মিশন। তাতে কাদের কাদের নাম থাকে।
বুধবার ডিএ মামলা শুনবেন দুই বাঙালি বিচারপতি, উৎকণ্ঠায় নবান্ন