
শেষ আপডেট: 18 April 2023 10:00
দ্য ওয়াল ব্যুরো: দমকলে নিয়োগ দুর্নীতির অভিযোগ নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি রাজাশেখর মান্থা মঙ্গলবার নির্দেশ দেন, নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার (Tapas Saha) বিরুদ্ধে তদন্ত করবে সিবিআই।
এই ঘটনায় তদন্ত করছিল রাজ্য পুলিশের আর্থিক অপরাধ দমন শাখা। এদিন তাদের হাত থেকে তদন্তভার সিবিআইকে দিলেন বিচারপতি মান্থা। সিবিআই চেয়ে মামলা করেছিলেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি।
আদালত বলেছে, আর্থিক দুর্নীতি সমন শাখার তদন্তকারী অফিসার অনুপম দাস যোগ্যতার সঙ্গে তদন্ত করছেন। গ্রেফতার হওয়া তিন জনের জামিন আটকাতে তিনি যে রিপোর্ট দিয়েছেন নিম্ন আদালতে তাও প্রশংসনীয়। কিন্তু তাপস সাহাকে তিনি ছুঁতে পারছেন না। এখানেই হাইকোর্ট মনে করছে, বিধায়ক হিসাবে তদন্তে প্রভাব খাটাচ্ছেন তিনি।
আদালত এদিন নির্দেশ দিয়েছে, এই মামলার কেস ডায়েরি অবিলম্বে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে রাজ্য পুলিশের আর্থিক দুর্নীতি দমন শাখাকে।
তাপস সাহার বিরুদ্ধে অভিযোগ কী?
নিয়োগ দুর্নীতিতে আগেই তাপস সাহার নাম জড়িয়েছিল। সরকারি দফতর ও স্কুলে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। কয়েক সপ্তাহ আগে বিজেপি নেতা তরুণজ্যোতিই একটি অডিও ক্লিপ সামনে এনে দাবি করেছিলেন দমকল বিভাগে চাকরি দেওয়ার নামে টাকা চাইছেন তাপস। যদিও সেই অডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।
বিজেপি নেতা আরও দাবি করেছিলেন, টিনা সাহা ভৌমিক নামে তৃণমূলেরই এক নেত্রীর থেকে চাকরি দেওয়ার নামে টাকা চেয়েছেন তাপস। টিনা হলেন তৃণমূলের নদিয়া জেলা পরিষদের সদস্যা। যদিও সেই অভিযোগ অস্বীকার করেন তাপস। পাল্টা দাবি করেন, তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। এখন দেখার সিবিআই কোন পথে এই তদন্তকে এগিয়ে নিয়ে যায়।