
শেষ আপডেট: 5 September 2022 09:48
দ্য ওয়াল ব্যুরো: ঝাড়খণ্ডের তিন বিধায়ক-সহ পাঁচজনকে তিনমাসের জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তবে শর্ত ছিল, কলকাতা ছাড়তে পারবেন না তাঁরা। সেই শর্তে ছাড়ের আবেদন জানিয়েছিলেন ঝাড়খণ্ডের বিধায়কেরা (Jharkhand MLAs)। চেয়েছিলেন নিজের রাজ্যে যাওয়ার অনুমতি। সোমবার সেই আবেদন মঞ্জুর করল হাইকোর্ট।
সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে ছিল কংগ্রেস বিধায়কদের আবেদনের শুনানি। সেই শুনানির সওয়াল জবাবের পর হাইকোর্ট জানিয়ে দেয়, শুধুমাত্র বিধানসভার কাজে যদি তাঁদের ডাকা হয় তবে তাঁরা ঝাড়খণ্ডে যেতে পারবেন। তবে যাওয়ার আগে অবশ্যই তদন্তকারী দল সিআইডিকে জানিয়ে যেতে হবে।
বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ আরও বলে, কাজ শেষ হয়ে যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই কলকাতায় ফিরে আসতে হবে তাঁদের। এসে সিআইডিকে রিপোর্ট করতে হবে।
উল্লেখ্য, গত ৩০ জুলাই হাওড়ার পাঁচলায় ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের গাড়ি আটকানো হয়েছিল। সেই গাড়ি থেকে উদ্ধার হয়েছিল লক্ষ লক্ষ নগদ টাকা। গোনাগুনতি শেষ করে টাকার অঙ্ক গিয়ে দাঁড়িয়েছিল ৪৯ লক্ষে। তার পর পাঁচলা থানায় রাখা হয়েছিল ওই বিধায়কদের। কংগ্রেস থেকে তাঁদের বহিষ্কারও করে দেওয়া হয়েছে ঘটনার পরপরই।
সেই ঘটনার তদন্ত শুরু করে সিআইডি। নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত চালায় রাজ্যের গোয়েন্দারা। কয়েকবার হাইকোর্টে জামিনের আবেদন খারিজ হলেও শেষে এই তিন বিধায়ককে শর্ত সাপেক্ষ অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিল আদালত। বলা হয়েছিল এক লাখ টাকা বন্ডে ও শহর না ছাড়ার শর্তেই জামিন দেওয়া হচ্ছে। তদন্তে সিআইডিকে পূর্ণ সহযোগিতা করতে হবে। সেই শর্ত পুনর্বিবেচনার শুনানি জানিয়ে আবেদন করেছিলেন এই তিন বিধায়ক। তাঁদের আবেদনের ভিত্তিতেই ঝাড়খণ্ড যাওয়ার অনুমতি দিল আদালত।
অভিষেকের বিদেশযাত্রায় বাধা নয়, রক্ষাকবচ বহাল রাখল সুপ্রিম কোর্ট