
শেষ আপডেট: 5 September 2023 08:05
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) বিদেশ যাত্রায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর স্পেনে যাওয়ার জন্য অনুমতি দিলেন বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ।
সেপ্টেম্বরে স্পেন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) । মুখ্যমন্ত্রীর ওই সফরে সামিল হতে চেয়ে আদালতের অনুমতি চেয়েছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। সারদা মামলায় কুণাল এখন জামিনে রয়েছেন। তাঁর পাসপোর্ট জমা রয়েছে। যে কারণে বিদেশ সফরের অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।
কুণালের বিদেশ সফরে আপত্তি জানিয়েছিল সিবিআই। এবিষয়ে সিবিআইকে তাঁদের আপত্তির কথা লিখিতভাবে জানাতে বলেছিল আদালত। এদিন বিচারপতি আদালতে বলেন, কুণাল ঘোষ বিদেশে গেলে তদন্ত কোনভাবে ক্ষতিগ্রস্ত হবে তার সপক্ষে সিবিআই কোন তথ্য পেশ করতে পারেনি। এর আগেও কুণাল সিঙ্গাপুরে গিয়েছেন, এবং আইন মোতাবেক ফেরত এসেছেন। আইন ভঙ্গের কোন অভিযোগ তার বিরুদ্ধে ওঠেনি।
আদালতে বিচারপতি আরও বলেন, কুণাল ঘোষ একজন অভিযুক্ত, কিন্তু তার বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনও প্রমাণিত হয়নি। তাই তার বিদেশ যাত্রা আটকানো যায় না। বিদেশ যাত্রার অধিকার মৌলিক অধিকারের মধ্যে পড়ে। এরপরই পাঁচ লক্ষ টাকার বন্ডে তৃণমূলের মুখপাত্রের বিদেশ সফর মঞ্জুর করেন বিচারপতি। ২৫ সেপ্টেম্বরের মধ্যে দেশে ফিরে পাসপোর্ট জমা দিতে হবে কুণালকে।
আরও পড়ুন: দুটি হাত নেই, পায়ে লিখেই ভবিষ্যৎ গড়েন বর্ধমানের শিক্ষক জগন্নাথ