দ্য ওয়াল ব্যুরো: অপহৃত মেয়েকে অবিলম্বে ভারতে ফিরিয়ে আনতে হবে। নির্দেশ কলকাতা হাইকোর্টের। সিআইডি, সিবিআই ও ইন্টারপোল যৌথভাবে এই কাজ করবে এবং তাকে ভারতে ফিরিয়ে আনতে হবে। সেপ্টেম্বর মাসের মধ্যে তার রিপোর্ট জমা করতে হবে কলকাতা হাইকোর্টে।
২০২০ সালের ২৪ জুলাই বারাসত থেকে অপহরণ করা হয় নমিতা পাইনকে (কাল্পনিক নাম)। বছর চব্বিশের মেয়েটির হঠাৎ উধাও হওয়ায় ঘটনায় ভেঙে পড়ে পরিবার। ওইদিনই বারাসাত থানায় অভিযোগ দায়ের করেন নমিতার বাবা। অভিযোগের ভিত্তিতে শুরু হয় পুলিশের তদন্ত।
গত বছর সেপ্টেম্বর মাসে খবর আসে নমিতাকে বাংলাদেশে পাচার করে দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন নমিতার বাবা। গত ১৬ আগস্ট বিচারপতি রাজশেখর মান্থা প্রশাসনের কাছে জানতে চান সিআইডি ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করতে পারবে কি না।
শুক্রবার সিআইডির পক্ষ থেকে আদালতে জানানো হয় ইন্টারপোলের সঙ্গে তারা যোগাযোগ করেছে।
নমিতার বাবার তরফে আইনজীবী সুদীপ নয়ন ঘোষ ও আইনজীবী রাজীব মল্লিক আদালতে অপহরণ করে নিয়ে যাওয়া যুবকের আধার কার্ড ও ভোটার কার্ডের তথ্য জমা দেন। কিন্তু তাতে ভুয়ো তথ্য দেওয়া আছে।
আবেদনকারীর আইনজীবীর পক্ষ থেকে আরও দাবি করা হয় আধার কার্ডের নাম রয়েছে রাজদীপ বিশ্বাস। কিন্তু যে নমিতাকে অপহরণ করে নিয়ে গেছে তার নাম আদৌ রাজদীপ কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে।
সমস্ত বিষয় শোনার পর বিচারপতি মান্থা নির্দেশ দিয়েছেন ১৬ সেপ্টেম্বরের মধ্যে সিআইডি, সিবিআই ও ইন্টারপোলকে নমিতাকে বাংলাদেশ থেকে উদ্ধার করে এদেশে নিয়ে আসতে হবে। এবং সেই রিপোর্ট আদালতে জমা করতে হবে।