
শেষ আপডেট: 24 August 2023 18:09
দ্য ওয়াল ব্যুরো: দুপুরে গিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি খতিয়ে দেখতে। সেখানে গিয়ে উপাচার্যের সঙ্গে বৈঠক সেরে আসেন তিনি। তারপরেই মিজোরামে নির্মীয়মান রেল ব্রিজ ভেঙে পড়ে মৃত বাংলার পরিযায়ী শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করতে শুক্রবার সকালেই মালদহে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose going to Malda)।
বুধবার মর্মান্তিক দুর্ঘটনা ঘটে মিজোরামের আইজলে (Mizoram rail bridge accident)। শ্রমিকরা কাজ করার সময় আচমকাই ভেঙে পড়ে একটি নির্মীয়মাণ রেল সেতু। তাতেই মৃত্যু হয় বাংলার ২৩ জন পরিযায়ী শ্রমিকের। জানা যায়, মৃতেরা সকলেই মালদহের বাসিন্দা।
মিজোরামের মর্মান্তিক দুর্ঘটনার পর আগেই মালদহে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বৃহস্পতিবার সেখানে গিয়েছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনও। যদিও মুখ্যমন্ত্রী এখনও গিয়ে পৌঁছাননি সেখানে। বুধবার ঘটনার খবর পেয়েই টুইট করে শোক প্রকাশ করেছিলেন তিনি। সেই সঙ্গে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ থেকে দাবি করেছিলেন, রেলের কাজ করতে গিয়ে কারওর মৃত্যু হলে মৃতের পরিবারকে চাকরি এবং ক্ষতিপূরণ দিতে হবে রেলকেই। 'আমি রেলের কাছে এটা জানাব। কারণ তারা আপনাদের রেলের কাজ করতে গিয়ে মারা গেছে। রেল তার দায়বদ্ধতা অস্বীকার করতে পারে না,' দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী।
রেলের কাজ করতে গিয়ে মৃত্যু হলে পরিবারকে চাকরি এবং ক্ষতিপূরণ দিতে হবে: মুখ্যমন্ত্রী