
শেষ আপডেট: 2 May 2023 14:51
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: উত্তরপ্রদেশের বুলডোজার রাজনীতির কথা কারও অজানা নয়। এবার খেলার মাঠ দখল করতে এরাজ্যেও চলল বুলডোজার (Bulldozer for field Occupy)। এমনই ঘটনা ঘটেছে হাওড়ার (Howrah) জগৎবল্লভপুরে।
জগৎবল্লভপুর বিধানসভার ভাণ্ডারদহ এলাকায় রয়েছে একটি খেলার মাঠ। সেই মাঠই মঙ্গলবার দখল করতে এসেছিলেন সামশের রহমান জমাদার নামে এক ব্যক্তি। নিজেকে ওই জমির মালিক বলে দাবি করেন তিনি। সঙ্গে পুলিশ ও অন্যান্য লোকজনও ছিল। কিন্তু মাঠ দখল হয়ে যাচ্ছে দেখে বাধা দেন এলাকার মানুষ। শুরু হয় পুলিশের সঙ্গে গ্রামবাসীদের বচসা, ধাক্কাধাক্কি। মাঠে বুলডোজার চালাতে গেলে উত্তেজনা আরও বেড়ে যায়। হাতের বাইরে চলে যেতে থাকে পরিস্থিতি। পুলিশের তৎপরতায় অতিরিক্ত বাহিনী ঘটনাস্থলে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ওসমান গনি লস্কর নামে এক গ্রামবাসী জানান, এখানে খেলার মাঠ ও ইদগাহ রয়েছে। প্রায় পঞ্চাশ বছর ধরে এই মাঠ গ্রামের মানুষ ব্যবহার করে আসছেন।
ওই গ্রামবাসীর আরও অভিযোগ, তৃণমূলের একাংশের মদতে কিছু দালাল চক্রান্ত করে এই জমি লুকিয়ে বিক্রি করেছে। ইদগাহর অংশটি তাদের দেওয়া হয়েছে। কিন্তু সেখানে যাওয়া আসার রাস্তা নির্দিষ্ট করার আগেই জমির মালিক জোর করে সম্পূর্ণ জায়গাটাই দখল করতে চাইছে।
নিজেকে জমির মালিক হিসাবে দাবি করা শামসের রহমান জমাদার জানান, এই জমি দখল করার অধিকার তাঁকে হাইকোর্ট দিয়েছে। এর আগে গ্রামবাসীদের তিনি তাঁর জায়গা ফিরিয়ে দিতে বললেও কোনও লাভ হয়নি। তাই তিনি আইনের সাহায্য নিতে বাধ্য হয়েছেন। এখানে কোনও দালাল কিংবা অন্য কারও ভূমিকা নেই। পুলিশি উপস্থিতিতে মঙ্গলবার তিনি জমির মাপজোক করতে এসেছিলেন।
দু’পক্ষকে বসিয়ে সমস্যার সমাধান করার আশ্বাস দিয়েছে পুলিশ। যদিও হাওড়া সদরের তৃণমূল কংগ্রেস সভাপতি কল্যাণ ঘোষ জানান, এখানে দল কোনওভাবেই জড়িত নয়। খেলাধুলোর মাঠের ব্যাপারে সরকার এবং শাসকদল সবসময়ই সচেতন। তবে বিষয়টির সঙ্গে আইনি প্রশ্ন জড়িত থাকলে আইনের মাধ্যমেই তার মীমাংসা করতে হবে।
ফুটবল ফেডারেশনের গঠনতন্ত্র তৈরিতে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি নিয়োগ