
শেষ আপডেট: 9 August 2023 14:34
দ্য ওয়াল ব্যুরো: ১২ দিন পর হাসপাতাল থেকে পাম অ্যাভিনিউর বাড়ি ফিরছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadev Bhattacharya discharged)। বুধবার সকাল ১২ টা নাগাদ উডল্যান্ডস হাসপাতাল থেকে ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্সে করে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে (Buddhadev Bhattacharya health)। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য।
সোমবার সকালে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাঁকে নন ইনভেসিভ ভেন্টিলেটশনে সরিয়ে আনার সিদ্ধান্ত নেন। তারপর সেখানেই কড়া নজরদারিতে রাখা হয়। বিভিন্ন পরীক্ষা করা হয়। দেখা যায়, বুকে সংক্রমণ রয়েছে। তবে বুধবার বুদ্ধদেবকে ছুটি দেওয়ার সময় চিকিৎসকরা জানান, এখন আর তাঁর শরীরে কোনও সংক্রমণ নেই।
মঙ্গলবার বিকেলেই হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল বুধবারই ছুটি পাবেন বুদ্ধবাবু। হাসপাতাল থেকে একটি মেডিক্যাল টিমও যায় তাঁর বাড়িতে। সেখানেই চিকিৎসার সব সেটআপ করে দিয়ে যায় ওই টিম। বুধবার সকালে হাসপাতালে এসে পৌঁছন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য। তিনি জানান, বাড়িতে কড়া নজরদারিতে রাখা হবে বুদ্ধদেবকে। একটি নার্স সর্বক্ষণ থাকবেন তাঁর সঙ্গে।

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, বুদ্ধবাবু বাড়িতেও বাইপ্যাপ সাপোর্টে থাকবেন। সেইসঙ্গে রাইলস টিউব লাগানো থাকবে। একটা কার্ডিয়াক মনিটর থাকবে বুদ্ধবাবুর হার্টরেট, রক্তচাপ ও অক্সিজেন স্যাচুরেশন মাত্রা দেখা যাবে।
চিকিৎসকরা জানিয়েছেন, ‘চেস্ট ফিজিওথেরাপি’ যেমন চলছে তেমনই চলবে। ফুসফুসের কর্মক্ষমতা বাড়াতে রিহ্যাবিলিটেশনও করা হবে। বুদ্ধবাবু পুরোপুরি সেরে না ওঠা অবধি তাঁর বাড়িতে সর্বক্ষণ থাকবে হোম কেয়ার টিম। বাড়ি জীবাণুমুক্ত করার ব্যবস্থাও হয়েছে। সপাতাল থেকে জানানো হয়েছে, ফুসফুসে ব্যাকটেরিয়ার সংক্রমণ নির্মূল হয়েছে। তবে যাতে ফের সংক্রমণ বাসা বাঁধতে না পারে সেজন্য বুদ্ধবাবুর বাড়ি আগে থেকেই সংক্রমক মুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: রাহুল বুধবার সংসদে নাও বলতে পারেন, বিকেলে ৩টেয় জনসভা সভা রাজস্থানে