
শেষ আপডেট: 30 July 2023 13:39
দ্য ওয়াল ব্যুরো: ভেন্টিলেশনে থাকার পর রবিবার সকালে শারীরিক অবস্থার খানিকটা হলেও উন্নতি হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya Health) শারীরিক পরিস্থিতির। চোখ মেলে তাকাচ্ছেন তিনি, ডাকলে সাড়াও দিচ্ছেন! হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করার পর বেরিয়ে এসে এমনটাই জানালেন সূর্যকান্ত মিশ্র।
রবিবার উডল্যান্ডস হাসপাতালে (Woodlands Hospital) বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রবীণ সিপিএম নেতা চিকিৎসক সূর্যকান্ত মিশ্র (Suryakanta Mishra) এবং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose)। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বেরিয়ে এসে সূর্যকান্ত মিশ্র জানান, চিকিৎসক হিসেবে নয়, বুদ্ধদেব ভট্টাচার্যের সহযোদ্ধা হিসেবেই হাসপাতালে এসেছেন তিনি। তিনি আরও জানিয়েছেন, শনিবারের তুলনায় রবিবার বুদ্ধবাবুর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ডাকলে সাড়া দিচ্ছেন তিনি। রাতের সঙ্গে রবিবার সকালের অবস্থার তফাৎ 'স্পষ্ট', দাবি তাঁর।
যদিও এখনই প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খুব বেশি উন্নতি হয়েছে, এমনটা মানতে নারাজ বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসক কৌশিক চক্রবর্তী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাঁর বক্তব্য, 'আপনারা প্রার্থনা করুন, আমরা চেষ্টা করছি।'
তিনি আরও জানিয়েছেন, অ্যান্টিবায়োটিক চলছে। তবে এত তাড়াতাড়ি সাধারণত অবস্থার উন্নতি হয় না। তাই অন্তত ২ দিন পর্যবেক্ষণের পরেই বলা সম্ভব হবে বুদ্ধবাবু চিকিৎসায় ঠিক কতটা সাড়া দিচ্ছেন।
রবিবার বেলা ১১টা নাগাদ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বুলেটিন প্রকাশ করে জানানো হয়, এদিন দুপুরে তাঁর সিটি স্ক্যান করানো হতে পারে। ওঁর সিওপিডি কী অবস্থায় আছে, নিউমোনিয়া কতটা গুরতর, সেসবই সিটি স্ক্যান থেকে জানা যাবে। এছাড়াও সংক্রমণের জেরে ফুসফুসের কতটা ক্ষতি হয়েছে, তাও সিটি স্ক্যান করে বোঝা যাবে। এই পরীক্ষার রিপোর্ট দেখেই চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন যে, বুদ্ধবাবুকে আর কতদিন ভেন্টিলেশনে রাখতে হবে।
আপাতত হাই ডোজ অ্যান্টিবায়োটিক চলছে। আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। বুদ্ধদেব ভট্টাচার্যর ফুসফুসের দু’দিকেই সংক্রমণ হয়েছে। বাঁদিকে সংক্রমণ খুব বেশি। ফুসফুসে জমে থাকা কফ বের করতে নেবুলাইজেশন করা হয়েছে। এছাড়াও তাঁর শরীরে ক্লেবশিয়েলা নামে এক মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স ব্যাক্টেরিয়ার খোঁজ পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আরও পড়ুন: চোখ মেলে তাকাচ্ছেন বুদ্ধদেব, দুপুরে হতে পারে সিটি স্ক্যান, মেডিক্যাল বোর্ডের জরুরি বৈঠক