
শেষ আপডেট: 10 October 2023 21:57
দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: জমি বিবাদের জের! ফের উত্তর দিনাজপুরে চলল গুলি। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের করণদিঘি থানার হলদিবাড়ি গোপালপুর গ্রামে। দাদার বিরুদ্ধে নিজের ভাইকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। মৃতের নাম মহম্মদ নিজামউদ্দিন (২৭)। খবর পেয়ে ঘটনাস্থলে আসে করণদিঘি থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।
মৃতের পরিবারের দাবি, পৈতৃক ভিটেয় দেওয়া সীমানা নিয়ে দুই ভাই নিজামুদ্দিন ও মহম্মদ কলিমুদ্দিনের মধ্যে দীর্ঘদিন ঝগড়া চলছিল। মঙ্গলবার সন্ধেয় তা চরমে ওঠে। অভিযোগ, দু’পক্ষের বিবাদ চলাকালীনই মহম্মদ কলিমুদ্দিন তাঁর ছোট ভাই নিজামুদ্দিনকে গুলি করে। বুকের ডান দিকে গুলি লাগে যুবকের। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা।
কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্ত কলিমুদ্দিন করণদিঘি থানায় সিভিক ভলান্টিয়ার পদে কর্মরত বলে দাবি মৃতের আত্মীয়দের। মৃতের পরিবারের এক সদস্য বলেন, “বিকাল সাড়ে ৫টা নাগাদ ঘটনাটা ঘটে। আমি দোকানে ছিলাম। ঝামেলা হচ্ছে শুনে ছুটে যাই। ওঁদের বাবা মারা যাওয়ার পর থেকেই এই ঝামেলা চলছে। আমরা এ ঘটনায় দোষীর উপযুক্ত শাস্তি চাই।”
পারিবারিক ঝামেলা বা বিবাদ নিয়ে গুলি চালানো আকছার ঘটছে। এর আগেও উত্তর দিনাজপুর, মালদহ, কোচবিহারের মতো জেলাগুলিতে সাধারণ জমি বিবাদ নিয়ে ভাইয়ে ভাইয়ে ঝগড়ার মধ্যে গুলি চলেছে। এই ঘটনায় পুলিশ প্রশাসনের দিকেও অভিযোগের আঙুল উঠছে। কীভাবে সাধারণ মানুষের হাতে চলে আসছে আগ্নেয়াস্ত্র, তা নিয়ে প্রশ্ন উঠছেই।