
শেষ আপডেট: 15 February 2024 19:20
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: বন দফতরর নয়, এবার বন্যপ্রাণী পাচার রুখে দিল পুলিশ। ময়নাগুড়ি থানার পুলিশের চেষ্টায় উদ্ধার হল বিলুপ্তপ্রায় একটি ব্রাজিলিয়ান টাপির। গ্রেফতার করা হয়েছে দুই পাচারকারীকে।
বৃহস্পতিবার সকালে ময়নাগুড়ি থানার এক পুলিশ আধিকারিকের কাছে খবর আসে ওই এলাকা দিয়ে একটি বিদেশী প্রাণী পাচার করা হবে। খবর পেয়ে ময়নাগুড়ি ইন্দিরা মোড় সংলগ্ন এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং শুরু করে পুলিশ। কিছুক্ষণের মধ্যেই ধূপগুড়ির দিক থেকে শিলিগুড়ির অভিমুখে যাচ্ছিল নির্দিষ্ট নম্বরের ওই গাড়িটি। দেখতে পেয়ে গাড়িটিকে আটক করেন পুলিশ কর্মীরা। শুরু হয় তল্লাশি। এরপর গাড়ির ডিকি খুলতেই উদ্ধার হয় এই ব্রাজিলিয়ান টাপির।
পুলিশ প্রাণীটিকে উদ্ধার করে ময়নাগুড়ি থানায় নিয়ে আসেন। গ্রেফতার করা হয় গাড়ির চালক সহ মোট দুজনকে। জানা গেছে এই প্রাণীটিকে মনিপুর থেকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল। বন দফতর সূত্রে জানা গেছে পৃথিবীতে টাপির খুবই কম দেখা যায়। এটি মূলত ব্রাজিল, মালয়েশিয়া সহ হাতে গোনা কিছু দেশে পাওয়া যায়। তবে ভারতে এই প্রাণী দেখা যায় না বলেই খবর। বিদেশি প্রাণী উদ্ধারের খবর চাউর হতেই অদ্ভুত দর্শন এই জন্তুটিকে দেখতে ময়নাগুড়ি থানায় উৎসুক মানুষ ভিড় করেন। পশু চিকিৎসকরা এসে পশুটিকে পরীক্ষা করেন।
ময়নাগুড়ি থানার আইসি সুবল দাস জানিয়েছেন, নাকা চেকিং চালিয়ে এই বিলুপ্তপ্রায় প্রাণীটিকে উদ্ধার করা হয়েছে। সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন চেন্নাই ও একজন কলকাতার বাসিন্দা। ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রটির হদিশ চালানো হবে।