
শেষ আপডেট: 10 June 2023 14:45
দ্য ওয়াল ব্যুরো: হাতি তাড়ানোর হুলা পার্টির দলে নাবালক ছেলেকে নিয়ে যাওয়ার অভিযোগ। জঙ্গলে সাপের কামড়ে (Snake Bite) মৃত্যু হয় সেই ছেলেটির। এরপরেই গ্রামবাসীরা বিক্ষোভ শুরু করে। মৃতদেহ রাস্তার উপরে রেখে অবরোধ করেন গ্রামবাসীরা।
গত রবিবার সাঁকরাইল (sankrail) ব্লকের টুঙ্গাধুয়া এলাকায় হাতি তাড়াতে গিয়ে সাপের কামড়ে জখম হয় ওই কিশোর। তাকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই মৃত্যু হয়েছে তার।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কিশোরের নাম শুভদীপ দে। বয়স ১৫ বছর। বাড়ি সাঁকরাইলের কুলঘাগরি গ্রামে। মৃত শুভদীপ এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে।
স্থানীয়রা বলছেন, গ্রামে প্রায়ই হাতি ঢুকে তাণ্ডব করে। হাতি তাড়ানোর জন্য হুলা পার্টিকে খবর দেওয়া হয়েছিল। বন দফতরের লোকজনও ছিল। অভিযোগ, সেই দলে ওই বাচ্চা ছেলেটিকেও নিয়ে যাওয়া হয়। জঙ্গলে ঢুকে সাপের কামড়ে জখম হয় সে। সঙ্গে সঙ্গেই বন দফতরের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু বাঁচানো যায়নি।
পরকীয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার ভাতারের গ্রামে! মারামারি করে মাথা ফাটাল স্বামী ও প্রেমিক
মৃতদেহ ময়নাতদন্তের পরে পরিবারের হাতে তুলে দিলে সেই দেহ নিয়ে রাস্তার উপর রেখে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামের লোকজন। রাস্তা অবরোধ করেও রাখা হয়। সাঁকরাইল বন দফতরের সামনের রাস্তায় দীর্ঘ সময় ধরে অবরোধ চলে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।