
শেষ আপডেট: 16 July 2023 12:09
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বনগাঁর জীবন রতন ধর মহকুমা সরকারি হাসপাতালে বিছানা থেকে পড়ে গিয়ে এক বৃদ্ধার কোমর ভেঙে গেল। বৃদ্ধার পরিবারের তরফে তাঁকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে হাসপাতালের বিরুদ্ধে (Bongaon Govt hospital)। এ ব্যাপারে ইতিমধ্যেই সুপারের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন তাঁরা।
সূত্রের খবর, দিন দুয়েক আগে গোপালনগর থানার গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ৭০ বছরের কোহিনুর মণ্ডল বনগাঁর জীবন রতন ধর মহকুমা হাসপাতাল এসেছিলেন পেটের অসুখ নিয়ে। বৃদ্ধার বাড়ির লোকের অভিযোগ, ভর্তি করার পর থেকেই দুর্ব্যবহার করা হচ্ছিল রোগিণীর সঙ্গে। শনিবার দুপুরে তাঁকে আলট্রাসনোগ্রাফি করাতে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় তাঁর সঙ্গে বাড়ির কাউকে থাকতে দেওয়া হয়নি বলে অভিযোগ।
কোহিনুরের আত্মীয়দের দাবি, সেই সময় হাসপাতালের আয়ারা বৃদ্ধাকে বেড থেকে নামাতে গিয়ে মাটিতে ফেলে দেন। পড়ে গিয়ে তাঁর কোমরে মারাত্মক চোট লাগে। সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন কোহিনুর মণ্ডলকে ধরাধরি করে তুলে এক্স-রে করাতে নিয়ে যান। সেই রিপোর্টে দেখা যায়, বৃদ্ধার কোমরের হাড় ভেঙে গেছে।
সেকথা জানার পরেই নাকি হাসপাতালের তরফে অন্যত্র রেফার করা হয় রোগিণীকে। এতেই উত্তেজিত হয়ে পড়েন তাঁর বাড়ির লোকজন। হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ (negligence) তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। তাঁদের সঙ্গে যোগ দেন গ্রামের আরও কয়েকজন।
ইতিমধ্যেই হাসপাতাল সুপারের কাছে তাঁরা এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।